মাইলফলক তৈরি হল ভারতে, নাগরিকত্ব বিল পাশ হতেই টুইট মোদীর
দ্য ওয়াল ব্যুরো: সকালে মন্ত্রীদের নিয়ে বৈঠকে বলেছিলেন এই দিনটা ভারতের ইতিহাসে সোনালি অক্ষরে লেখা থাকবে। আর রাতে রাজ্যসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হতেই টুইট করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বললেন, আজ মাইলফলক তৈরি হল ভারতে।
বুধভার
শেষ আপডেট: 11 December 2019 16:28
দ্য ওয়াল ব্যুরো: সকালে মন্ত্রীদের নিয়ে বৈঠকে বলেছিলেন এই দিনটা ভারতের ইতিহাসে সোনালি অক্ষরে লেখা থাকবে। আর রাতে রাজ্যসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হতেই টুইট করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বললেন, আজ মাইলফলক তৈরি হল ভারতে।
বুধভার রাত ৯টা নাগাদ ভোটাভুটির মাধ্যমে নাগরিকত্ব বিল পাশ হয় রাজ্যসভায়। বিলের পক্ষে ভোট পড়ে ১২৫। বিপক্ষে পড়ে ১০৫। বিল পাশের পরেই টুইট করেন মোদী। টুইটে তিনি লেখেন "মাইলফলক তৈরি হল ভারতে। আমাদের দেশের একতা ও ভ্রাতৃত্বের পরিচয় পাওয়া গেল। রাজ্যসভায় নাগরিকত্ব বিল পাশ হওয়ায় খুব খুশি। যেসব সাংসদরা এই বিলের পক্ষে ভোট দিয়েছেন তাঁদের ধন্যবাদ। বহু মানুষ যাঁরা এতদিন ধরে কষ্ট পেয়েছেন তাঁদের কষ্ট লাঘব করতেই এই বিল আনা হয়েছে।"
https://twitter.com/narendramodi/status/1204788395613966336
লোকসভাতে নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে আসার পর থেকেই বিরোধিতা শুরু হয়েছে। বিরোধীদের অভিযোগ, এই বিল পাশ হলে ভারতে মুসলিমদের যন্ত্রণা আরও বাড়বে। লোকসভায় বিল পাশ হতেই গোটা উত্তর-পূর্ব জুড়ে শুরু হয়েছে বিক্ষোভ। বিশেষ করে অসমে বিক্ষোভ বড় আকার নিয়েছে। পরিস্থিতি মোকাবিলা করতে নামানো হয়েছে সেনা। মোবাইল ও ইন্টারনেট পরিষেবাও বন্ধ। এমনকি পাক প্রধানমন্ত্রী ইমরান খানও টুইট করে মোদীর বিরুদ্ধে তোপ দেগেছেন। এই বিরোধিতা সত্ত্বেও বিল পাশ হওয়ায় স্বভাবতই খুশি হয়ে টুইট করলেন প্রধানমন্ত্রী।

এদিন সকালেই এই বিল রাজ্যসভায় পেশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দিনভর এই বিল নিয়ে আলোচনা হয়। লোকসভার মতো রাজ্যসভাতেও কংগ্রেস-সহ বিরোধীরা এই বিলের বিরোধিতা করেন। লোকসভায় সমর্থন করলেও রাজ্যসভায় আশ্চর্যজনকভাবে শিবসেনা এই বিলের বিরোধিতা করে। তবে ভোটদানে বিরত থাকে। যদিও শেষ পর্যন্ত যাবতীয় বিরোধিতার পরেও পাশ হয়ে গেল নাগরিকত্ব সংশোধনী বিল।
রাজ্যসভায় এই বিল পেশ করানো কিছুটা হলেও চ্যালেঞ্জ ছিল বিজেপির কাছে। বর্তমানে রাজ্যসভায় ২৪০ জন সদস্য আছেন। সেখানে ১২১ টি ভোট পেলে কোনও বিল পাশ হতে পারে। বিজেপি ও তার জোট শরিক এডিএমকে, জনতা দল ইউনাইটেড এবং অকালি দলের মোট এমপির সংখ্যা ১১৬। কিন্তু এনডিএর শরিকদের মধ্যেই এ নিয়ে মতবিরোধ ছিল। নাগরিকত্ব বিল নিয়ে দ্বিধাবিভক্ত ছিল জনতা দল ইউনাইটেডও। তবে সেসব সত্বেও সংসদের উচ্চকক্ষে ভোটাভুটিতে সংখ্যার হিসবে জয়ে পেল সরকার।