দ্য ওয়াল ব্যুরো: 'মন কি বাত'-এ আজ, রবিবার সকাল ১১টায় রেডিও বক্তৃতা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইট করে প্রধানমন্ত্রী জানিয়েছেন এই মাসের সূক্ষ্ম কিছু তথ্য তিনি দেশবাসীকে জানাবেন।
করোনা ভাইরাসের ফলে লকডাউনে এটি দ্বিতীয় 'মন কি বাত' অনুষ্ঠান হতে চলেছে। প্রথম দফার লকডাউন চলাকালীন গত ২৯ মার্চে রেডিও বক্তৃতা দিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেই অনুষ্ঠানে লকডাউনের মতো কঠোর পদক্ষেপ গ্রহণ করার জন্য ক্ষমাও চাইতে শোনা গিয়েছিল প্রধানমন্ত্রীকে।
গতমাসের তুলনায় পরিস্থিতির অনেক বদল হয়ে গিয়েছে। বেড়েছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। সংক্রমণ ছড়িয়েছে নতুন নতুন এলাকায়। দ্বিতীয় দফার লকডাউন ৩ মে শেষ হওয়ার কথা। অনেকের মতে, আগামী পরিকল্পনা কী সে বিষয়ে আলোকপাত করতে পারেন প্রধানমন্ত্রী।
২০ এপ্রিল থেকে কিছু ক্ষেত্রে ছাড় দিয়েছে কেন্দ্র। আজ থেকে আরও কিছু ক্ষেত্রকে সেই তালিকায় যুক্ত করা হয়েছে। কিন্ত ইতিমধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু জানিয়ে দিয়েছে, এখনই করোনাভাইরাস বিদায় নেবে না। মারণ ভাইরাসের সঙ্গে আরও বেশ খানিকটা সময় লড়তে হবে মানবজাতিকে। অন্যদিকে অর্থনীতিও মুখ থুবড়ে পড়েছে। সতর্কতা মেনে বিকল্প পথ পাওয়ার খোঁজে সমস্ত দেশ। রবিবার মন কি বাতের ৬৪তম পর্বে সরকারের সেই পরিকল্পনার কথাই তুলে ধরতে পারেন প্রধানমন্ত্রী।