দ্য ওয়াল ব্যুরো: আগে বই পড়তেন তিনি। কিন্তু গুগল এসে সেই অভ্যেস নষ্ট করে দিয়েছে বলে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
রবিবার ছিল ‘মন কি বাত’ অনুষ্ঠানের ৫৯তম পর্ব। স্কুল ছাত্রছাত্রীদের সঙ্গে মিলিত হয়েছিলেন প্রধানমন্ত্রী। সেখানেই হরিয়ানার রোহতকের অখিল নামের এক ছাত্র মোদীকে প্রশ্ন করেন, “এত ব্যস্ততার মধ্যেও সামান্য অবসর পেলে আপনি কী করেন? টিভি দেখেন না সিনেমা? নাকি বই পড়েন?”
জবাবে প্রধানমন্ত্রী বলেন, “আমি সবসময়ই বই পড়তে ভালবাসি। টিভি মাঝে মাঝে দেখলেও সিনেমায় আমার কোনও আগ্রহ নেই। কিন্তু মাঝে মাঝে আগে ডিসকভারি চ্যানেল দেখতাম।” এরপরই প্রধানমন্ত্রী বলেন, “এখন আমি বেশি বই পড়তে পারি না। তাৎক্ষণিক ভাবে জানার জন্য আমরা গুগলই দেখে নিই। গুগল আসার পর আমাদের অভ্যেসটাই নষ্ট হয়ে গিয়েছে।” যতই গুগল আসুক, ছাত্রছাত্রীদের উদ্দেশে মোদীর পরামর্শ, "বই পড়ো বেশি করে।"