দ্য ওয়াল ব্যুরো: প্রজাতন্ত্র দিবসের আগের দিনই বড় দুর্ঘটনা জম্মু-কাশ্মীরে।
যান্ত্রিক ত্রুটির কারণে অবতরণের সময় ভেঙে পড়ল সেনার হেলিকপ্টার। দুর্ঘটনায় নিহত সেনাবাহিনীর এক হেলিকপ্টারচালক। গুরুতর জখম আরও এক চালক। তিনি সেনা হাসপাতালে চিকিৎসাধীন।
এই দুর্ঘটনা ঘটে সোমবার সন্ধে নাগাদ। সেনা সূত্রে খবর, কাঠুয়া জেলায় পাঞ্জাব সীমান্তের কাছে চক্কর দিচ্ছিল ওই হেলিকপ্টার। হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের (হ্যাল) তৈরি অত্যাধুনিক প্রযুক্তির হাল্কা ওজনের ধ্রুব হেলিকপ্টার ঠিল সেটি। পাঞ্জাবের পাঠানকোট থেকে সেনার রসদ নিয়ে আসছিল। মাঝআকাশেই যান্ত্রিক গোলযোগ দেখা দেয় কপ্টারটিতে। দ্রুত অবতরণের চেষ্টা করেন পাইলট। তখনই দুর্ঘটনা ঘটে। ভেঙে পড়ে কপ্টার।
কাঠুয়ার লাখানপুর জেলার পুলিশ সুপার শৈলেন্দ্র মিশ্র বলেছেন, হেলিকপ্টারটিতে দুজন চালক ছিলেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের। অন্যজনের অবস্থাও সঙ্কটজনক।
এই মাসের গোড়াতেই দুর্ঘটনার কবলে পড়েছিল সেনাবাহিনীর মিগ-২১ বাইসন ফাইটার জেট। শ্রীনগরের গঙ্গানগর জেলায় সুরাটগড় বিমানঘাঁটির কাছে যান্ত্রিক গোলযোগ দেখা দেয় ফাইটার জেটটিতে। তবে চালক বেঁচে যান।