দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি ও অভিনেত্রী তমন্না ভাটিয়াকে গ্রেফতারের আর্জি জানিয়ে পিটিশন দায়ের হল মাদ্রাজ হাইকোর্টে। একটি অনলাইন জুয়ো খেলার অ্যাপের প্রচার করায় এই পিটিশন দায়ের হয়েছে তাঁদের বিরুদ্ধে।
জানা গিয়েছে, চেন্নাইয়ের এক আইনজীবী এই পিটিশন দায়ের করেছেন। এই পিটিশনে আবেদন করা হয়েছে সব ধরনের অনলাইন জুয়ো খেলার অ্যাপ যেন নিষিদ্ধ ঘোষণা করে মাদ্রাজ হাইকোর্ট। কারণ এই ধরনের অ্যাপের দিকে যুব সম্প্রদায় আকৃষ্ট হচ্ছে। ফলে তাদের ভবিষ্যতের ক্ষতি হচ্ছে। পিটিশনে আরও বলা হয়েছে, এইসব অ্যাপগুলি বিরাট কোহলি, তমন্না ভাটিয়ার মতো তারকাদের দিয়ে প্রচার করাচ্ছে। এতে যুব সম্প্রদায় আরও সহজে সেদিকে আকৃষ্ট হচ্ছে। তাই বিরাট, তমন্নাদের গ্রেফতার করা উচিত।
পিটিশনে ওই আইনজীবী এক যুবকের কথা জানিয়েছেন, যিনি জুয়ো খেলার জন্য ধার নিয়ে তারপর সেই টাকা ফেরত দিতে না পারায় আত্মহত্যা করেন। আইনজীবী আরও জানিয়েছেন, সম্প্রতি তামিলনাড়ুতে যুব সম্প্রদায়ের মধ্যে আত্মহত্যার ঘটনা বেড়ে গিয়েছে। তার অন্যতম কারণ হল, এই ধরনের অনলাইন জুয়োতে তারা অনেক টাকা হারাচ্ছে। ফলে বাধ্য হয়ে আত্মহত্যার মতো ঘটনা ঘটাচ্ছে তারা।
অনলাইন এই অ্যাপগুলি দু’দিক থেকে টাকা কামাচ্ছে বলেও অভিযোগ করেছেন ওই আইনজীবী। তিনি বলেন, জুয়ো খেলার জন্য এই অ্যাপগুলিই বিভিন্ন মাধ্যমে চড়া সুদে টাকা ধার দিচ্ছে যুবকদের। প্রথমে খেলার নেশায় সবাই তা নিয়ে নিচ্ছে। তারপর টাকা হেরেও যাচ্ছে। অনেকে টাকা শোধ দেওয়ার চেষ্টা করছে। অনেকে আবার না দিতে পেরে আত্মহত্যা করছে। এভাবে দেদার টাকা কামাচ্ছে এই অ্যাপগুলি। ব্লু হোয়েলের মতো গেমের সঙ্গে এই অ্যাপগুলির তুলনা করেছেন ওই আইনজীবী।
মঙ্গলবার মাদ্রাজ হাইকোর্টে এই পিটিশনের শুনানি হওয়ার কথা। যদিও এই বিষয়ে বিরাট কোহলি বা তমন্নার তরফে কোনও মন্তব্য করা হয়নি।
এই মুহূর্তে বিরাটের সামনে রয়েছে আইপিএল। সেপ্টেম্বরের ১৯ তারিখ থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে তা শুরু হওয়ার কথা। তারই প্রস্তুতি শুরু করেছেন ভারত অধিনায়ক। তারপরে ডিসেম্বর মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে উড়ে যাবেন বিরাটরা। অন্যদিকে এতদিন বন্ধ থাকার পরে ধীরে ধীরে শ্যুটিং শুরু হয়েছে বলিউড ও অন্য ইন্ডাস্ট্রিতে।