দ্য ওয়াল ব্যুরো : সাধু-সন্তদের অনুষ্ঠানে গিয়ে তাঁদের নিয়েই বিতর্কিত মন্তব্য করলেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং। বললেন, গেরুয়া পরে আশ্রমের বা মন্দিরের মধ্যে অনেকেই ধর্ষণের মতো জঘন্য ঘটনা ঘটায়। এমনকী অনেকে তো চূরণ ( নেশার সামগ্রী )-ও বিক্রি করে।
মঙ্গলবার মধ্যপ্রদেশের ভোপালে মধ্যপ্রদেশ আধ্যাত্মিক বিভাগের আয়োজনে 'সন্ত সমাগম' নামের একটি অনুষ্ঠানে গিয়েছিলেন দিগ্বিজয় সিং। সেখানে উপস্থিত ছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী কমল নাথও। তাঁদের সামনেই দিগ্বিজয় বলেন, "তাঁদের ভগবানও ক্ষমা করবেন না, যারা হিন্দু ধর্মকে কলুষিত করছে। এরা গেরুয়া পরে আশ্রম ও মন্দিরের মধ্যে ধর্ষণের মতো জঘন্য কাজ করছে। তার সঙ্গে চূরণও বিক্রি করছে।"
https://twitter.com/ANI/status/1173885940315643910?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1173885940315643910&ref_url=https%3A%2F%2Fwww.indiatoday.in%2Findia%2Fstory%2Fpeople-wearing-safron-robes-committing-rapes-inside-temples-digvijaya-singh-1600072-2019-09-17
জয় শ্রী রাম ধ্বনিকে নিয়ে এ দিন ফের সোচ্চার হন দিগ্বিজয় সিং। তিনি বলেন, "এই ধ্বনি রাজনৈতিক নেতারা অসৎ উদ্দেশ্যে কাজে লাগাচ্ছে। আসল কথাটা হচ্ছে জয় সিয়া রাম। যখনই আমরা এই ধ্বনি উচ্চারণ করি, তখনই আমরা ভগবান রামের সঙ্গে মা সীতার নামও উচ্চারণ করি। কিন্তু এখন আমরা সীতা মাকে ভুলে যাচ্ছি।" তাঁর এই বক্তব্যের পরেই সেখানে উপস্থিত সাধুরা জয় সিয়া রাম ধ্বনি দেন।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নর্মদা মন্দাকিনী ট্রাস্টের চেয়ারম্যান কম্পিউটার বাবা। সাধুদের হয়ে তিনি বক্তব্য রাখেন যাতে সাধুদের মন্দির বানানোর জন্য সরকার জমি দেয় ও সাধুদের পেনশন দেওয়া হয়।
এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী কমল নাথ বলেন, "আমরা শিল্পপতিদের জমি দিয়েছি। তাহলে আমরা কেন মন্দিরের জন্য জমি দেব না। ভবিষ্যতে সাধুদের এই ধরণের কোনও অভিযোগ থাকবে না।"