দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিমানকে ফের আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি ইসলামাবাদ। এই নিষেধাজ্ঞার পরে ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশন ( আইসিএও )-এর কাছে অভিযোগ জানিয়েছে ভারত। জানানো হয়েছে, ভিভিআইপি ব্যক্তিদের বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি সব দেশই দিয়ে থাকে। কিন্তু পাকিস্তান প্রশাসনের তরফে সেই অনুমতিও দেওয়া হয়নি। এই সিদ্ধান্তের সমালোচনা জানাচ্ছে নয়াদিল্লি।
সূত্রের খবর, কেন্দ্রের তরফে অভিযোগ করা হয়েছে, অন্যান্য দেশের ক্ষেত্রে কয়েক ঘণ্টা আগে আকাশসীমা ব্যবহারের অনুমতি চাইলে সঙ্গে সঙ্গে তা দিয়ে দেওয়া হয়। এটাই আইসিএও-র নির্দেশিকায় লেখা রয়েছে। কিন্তু পাকিস্তান এই নির্দেশিকা মানছে না। তারা ন্যূনতম সম্মান দেখাচ্ছে না ভারতের প্রতি। পাকিস্তানের এই ধরনের কাজ দু'দেশের সম্পর্কে প্রভাব ফেলছে।
ভারতের তরফে এই অভিযোগে আরও বলা হয়েছে, পাকিস্তানের উচিত নিজেদের এই সিদ্ধান্তের পুনর্বিবেচনা করা। এভাবে পুরো জিনিসটা ভুল বুঝে আন্তর্জাতিক মহলের সঙ্গে দূরত্ব তৈরি করলে সেটা আখেরে পাক সরকারেরই মাথাব্যথার কারণ হয়ে উঠতে পারে।
রবিবার পাকিস্তানের বিভিন্ন সংবাদপত্রে লেখা হয়েছিল যে পাক বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি জানিয়েছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সৌদি আরব সফরের জন্য পাক আকাশসীমা ব্যবহারের আবেদন খারিজ করে দিয়েছে ইসলামাবাদ। সোমবার সৌদি আরব যাওয়ার কথা মোদীর। মঙ্গলবার থেকে সেখানে আন্তর্জাতিক বাণিজ্য সম্মেলন হবে। আর তাই পাক আকাশসীমা ব্যবহারের অনুমতি চাওয়া হয়েছিল যা নাকচ করে দিয়েছে পাকিস্তান।
এর আগে ২০ সেপ্টেম্বর আমেরিকায় রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার বৈঠকে যোগ দিতে যাওয়ার সময় মোদীর বিমানকে পাক আকাশসীমা ব্যবহারের অনুমতি চাওয়া হয়েছিল। তখনও অনুমতি দেয়নি পাকিস্তান। এমনকি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ইউরোপ সফরের সময় তাঁর বিমানকেও পাক আকাশসীমায় ঢোকার অনুমতি দেওয়া হয়নি।
বালাকোটের জইশ জঙ্গি শিবিরে ভারতীয় বায়ুসেনার হামলার পর থেকেই এই সমস্যা শুরু হয়েছে। প্রথমে ভারত-পাকিস্তান দু'দেশই একে অন্যকে তাদের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছিল। বেশ কিছুদিন পরে নিষেধাজ্ঞা তুলে নেয় ভারত। পাকিস্তানও নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল। কিন্তু ফের তারা নিষেধাজ্ঞা জারি করে। তার বিরুদ্ধে এর আগেও অভিযোগ জানিয়েছে ভারত। এ বার ফের অভিযোগ জানানো হল আন্তর্জাতিক মহলে।
পড়ুন 'দ্য ওয়াল' পুজো ম্যাগাজিন ২০১৯–এ প্রকাশিত গল্প
https://www.four.suk.1wp.in/pujomagazine2019/%e0%a6%b6%e0%a6%af%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be-%e0%a6%89%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8b%e0%a6%b2%e0%a6%a8/