পাকিস্তান করোনা আক্রান্তদের কাশ্মীরে অনুপ্রবেশ করানোর চেষ্টা করছে, দাবি পুলিশ প্রধানের
দ্য ওয়াল ব্যুরো: এতদিন জঙ্গিদের জম্মু-কাশ্মীরে অনুপ্রবেশ করানোর চেষ্টা করত পাকিস্তান। এখন কোভিড ১৯ আক্রান্তদের ভারতে অনুপ্রবেশ করানোর চেষ্টা করছে তারা, এমনটাই দাবি করেছেন জম্মু-কাশ্মীরের পুলিশ প্রধান দিলবাগ সং।
সম্প্রতি শ্রীনগর থেকে ২০ কিল
শেষ আপডেট: 23 April 2020 09:46
দ্য ওয়াল ব্যুরো: এতদিন জঙ্গিদের জম্মু-কাশ্মীরে অনুপ্রবেশ করানোর চেষ্টা করত পাকিস্তান। এখন কোভিড ১৯ আক্রান্তদের ভারতে অনুপ্রবেশ করানোর চেষ্টা করছে তারা, এমনটাই দাবি করেছেন জম্মু-কাশ্মীরের পুলিশ প্রধান দিলবাগ সং।
সম্প্রতি শ্রীনগর থেকে ২০ কিলোমিটার দূরে গান্দেরবাল জেলায় একটি কোয়ারেন্টাইন সেন্টারে যান দিলবাগ সিং। সেখান থেকে ফিরে আসার পরেই এই দাবি করেন তিনি। পুলিশ প্রধান বলেন, “পাকিস্তান কোভিড ১৯ আক্রান্তদের যে কাশ্মীরে অনুপ্রবেশ করানোর চেষ্টা করছে তার তথ্য রয়েছে। এখনও পর্যন্ত উপত্যকায় জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা করত পাকিস্তান। কিন্তু এখন জম্মু-কাশ্মীরে করোনা সংক্রমণ বাড়ানোর জন্য আক্রান্তদের এখানে পাঠানোর চেষ্টা করা হচ্ছে। এটা খুবই গুরুতর ব্যাপার। আমাদের খুব সাবধান থাকতে হবে।”
সপ্তাহ খানেক আগেই সেনার এক আধিকারিক দাবি করেছিলেন, গোয়েন্দা সূত্রে তাঁরা খবর পেয়েছেন, পাক অধিকৃত কাশ্মীরে কোভিড ১৯ আক্রান্তদের পাঠাচ্ছে পাকিস্তান। সেখান থেকে তাদের অনুপ্রবেশ করানোর চেষ্টা করা হবে। পাক অধিকৃত কাশ্মীরে এই মুহূর্তে ৫০ জন করোনা আক্রান্তের খবর পাওয়া গিয়েছে। তারা বেশিরভাগই মীরপুর জেলার বাসিন্দা।
চলতি মাসেই কেরান সেক্টর দিয়ে ভারতে অনুপ্রবেশ করার চেষ্টা করেছিল জঙ্গিরা। ভারতীয় সেনার প্যারা মিলিটারি ফোর্স সেই চেষ্টা বিফল করে। পাঁচ জঙ্গিকেই খতম করা হয়। তবে এই অপারেশনে সেনার পাঁচ জওয়ানও শহিদ হন।
এই ঘটনার পর থেকে সীমান্তে গুলি চালানো বাড়িয়ে দিয়েছে পাক সেনা। কুপওয়ারা সেক্টরে পাক সেনার গুলিতে তিনজন স্থানীয় বাসিন্দা নিহত ও বেশ কয়েক জন আহত হয়েছেন। ভারতীয় সেনাও তার জবাব দিচ্ছে। আশঙ্কা করা হচ্ছে, এই গোলাগুলির আশ্রয়ে অনুপ্রবেশ করার চেষ্টা করা হচ্ছে। তাই বিভিন্ন সেক্টরে নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে বলে খবর।
বুধবার সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। পাল্টা গুলিতে ৪ জঙ্গি খতম হয়েছে বলে খবর।
জম্মু-কাশ্মীরে এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যা ৪০০-র বেশি। তারমধ্যে বেশিরভাগই কাশ্মীরের বাসিন্দা। তিন পুলিশ কর্মীও আক্রান্ত হয়েছেন। এই সময়ে কোনও রকমের অনুপ্রবেশ যাতে না হয়, সে ব্যাপারে সতর্ক রয়েছে ভারতীয় সেনা।