দ্য ওয়াল ব্যুরো: আইএনএক্স মিডিয়া দুর্নীতি মামলায় আপাতত তিহাড় জেলে রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তথা বর্ষীয়ান কংরেস নেতা পি চিদম্বরম। সিবিআই তাঁকে গ্রেফতার করে নিজেদের হেফাজতে রাখার পর জেল হেফাজতে পাঠিয়েছে। কিন্তু তাঁর বিড়ম্বনা আরও বাড়াতে চলেছে কেন্দ্রীয় এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এ বার ইডি গ্রেফতার করতে চলেছে চিদম্বরমকে।
দিল্লির বিশেষ আদালতে চিদম্বরমকে গ্রেফতারের অনুমতি চেয়েছিল ইডি। আদালত তা মঞ্জুর করেছে। ফলে বুধবার জেলে থাকা চিদম্বরমকে ফের গ্রেফতার করতে পারে ইডি। জানা গিয়েছে, বুধবার সকালেই এই প্রক্রিয়া সেরে ফেলবে কেন্দ্রীয় তদন্ত এজেন্সি। তারপর আদালতে পেশ করা হবে প্রাক্তন অর্থমন্ত্রীকে। সেখানে তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবেন ইডি-র আইনজীবীরা।
ইডি-কে দু’টি উপায় বলেছে আদালত। এক, চিদম্বরকে আদালত চত্বরেই আধঘণ্টা জেরা করা। দুই, তাঁকে জেল থেকে গ্রেফতার করা। ইডি আদালতে জানায় তারা গ্রেফতারই করতে চায় ৭৪ নবছর বয়সী এই কংগ্রেস নেতাকে।
গত ২১ অগস্ট রাতে নয়াদিল্লির জোড়বাগের বাংলো থেকে নাটকীয় কায়দায় চিদম্বরমকে গ্রেফতার করে সিবিআই। তারপর থেকেই সিবিআই হেফাজতে ছিলেন প্রাক্তন অর্থ ও স্বরাষ্ট্রমন্ত্রী। ৫ সেপ্টেমবর তাঁকে তিহাড়ে পাঠায় আদালত। এর মাঝে জেল থেকে পরিবারের লোকজনের মাধ্যমে একাধিক টুইট করেছেন দক্ষিণী এই নেতা। দেশের অর্থনীতি নিয়ে কটাক্ষ করেছেন মোদী সরকারকে। জানিয়েছেন, নিজেকে নিয়ে তাঁর কোনও উদ্বেগ নেই। তাঁর একটাই চিন্তা, দেশের অর্থনীতির সর্বনাশ হয়ে যাচ্ছে।
এ ব্যাপারে কংগ্রেস নেতা তথা চিদম্বরমের আইনজীবী কপিল সিব্বল বলেন, “চিদম্বরম সিবিআই হেফাজতে থাকার সময়েই ইডি-র কাছে আত্মসমর্পণ করতে চেয়েছিলেন। আসলে ৬০ দিন জেলে রেখে দেওয়ার পরিকল্পনা নিয়েছে ওরা।” প্রথম থেকেই চিদম্বরমের গ্রেফতারকে রাজনৈতিক প্রতিহিংসা বলে তোপ দেগেছে কংগ্রেস নেতৃত্ব। এ দিনও সিব্বলের গলায় শোনা গেল সেই সুর।
পড়ুন, দ্য ওয়ালের পুজোসংখ্যার বিশেষ লেখা…