দ্য ওয়াল ব্যুরো: করোনা মোকাবিলায় দেশজুড়ে লকডাউন চলছে। সবাইকে বাড়ির ভেতরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আর তার মধ্যেই লকডাউন ভেঙে কর্নাটকের এক মন্দিরে জড়ো হলেন শতাধিক মানুষ। এই ঘটনায় চিন্তিত প্রশাসন। অভিযোগ দায়ের করা হয়েছে অনেকের বিরুদ্ধে।
জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় কর্নাটকের কালাবুর্গি জেলায় সিদ্ধলিঙ্গেশ্বর মন্দিরে এক রথের উৎসব উপলক্ষ্যে ১০০ জনেরও বেশি মানুষ জড়ো হন। পাঁচতলা একটি রথের চারপাশে তাঁদের উৎসব করতে দেখা যায়। এই ঘটনার ছবি প্রকাশ হয় সোশ্যাল মিডিয়ায়। তারপরেই পদক্ষেপ নেয় প্রশাসন।
কালাবুর্গির পুলিশ সুপার লাডা মার্টিন সংবাদসংস্থা এএনআইকে জানিয়েছেন, “বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ ১০০ থেকে ১৫০ জন সিদ্ধলিঙ্গেশ্বর মন্দিরে রথের উৎসবে যোগ দেন। তাঁরা রথের দড়ি টানেন। প্রায় ২০ মিনিট ধরে এই জমায়েত ছিল।”
পুলিশ সূত্রে খবর, মন্দির কর্তৃপক্ষকে জানানো হয়েছিল, এবছর এই ধরনের কোনও উৎসব না করতে। মন্দির কর্তৃপক্ষের তরফেও পুলিশকে আশ্বস্ত করা হয়েছিল, এই বছর এই রথের উৎসব করা হবে না। কিন্তু ওইদিন হঠাৎ করেই এত মানুষ জড়ো হন সেখানে। আগে থেকে প্রশাসনের কাছে কোনও খবরই ছিল না। ফলে ওই জমায়েত সরাতে সময় লাগে পুলিশের।
এই ঘটনার পরে অন্তত ২০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। আরও অনেকের বিরুদ্ধেই অভিযোগ দায়ের হবে বলে জানা গিয়েছে। মন্দির কর্তৃপক্ষের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ওই এলাকার দায়িত্বে থাকা পুলিশ কর্তাকে সাসপেন্ড করা হয়েছে।
কর্নাটকের কালাবুর্গিকে করোনা হটস্পট বলে চিহ্নিত করা হয়েছে। এই এলাকায় ইতিমধ্যেই করোনা আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত দক্ষিণের এই রাজ্যে ৩১৫ জন করোনাভাইরাসের আক্রান্ত হয়েছেন। তার মধ্যে মৃত্যু হয়েছে ১৩ জনের। হটস্পট এলাকায় এই ধরনের জমায়েত করোনা সংক্রমণ আরও বাড়িয়ে দিতে পারে বলেই চিন্তায় প্রশাসন।