রঙিন শাড়ি-গয়নায় ঠিক যেন রাধা, বৃন্দাবনে ঝুলন উৎসবে নাচ হেমা মালিনীর
দ্য ওয়াল ব্যুরো: পরনে গোলাপি-সবুজ শাড়ি, সঙ্গে মানানসই গয়না ও মেক আপ। পায়ে এক জোড়া মল। ঠিক যেন শ্রী কৃষ্ণের রাধা। আর এই পোশাকেই বৃন্দাবনের শ্রী রাধারমণ মন্দিরে হরিয়ালি তীজের সন্ধ্যায় ঝুলন উৎসব উপলক্ষ্যে নাচলেন মথুরার বিজেপি সাংসদ তথা অভিনেত্
শেষ আপডেট: 3 August 2019 07:58
দ্য ওয়াল ব্যুরো: পরনে গোলাপি-সবুজ শাড়ি, সঙ্গে মানানসই গয়না ও মেক আপ। পায়ে এক জোড়া মল। ঠিক যেন শ্রী কৃষ্ণের রাধা। আর এই পোশাকেই বৃন্দাবনের শ্রী রাধারমণ মন্দিরে হরিয়ালি তীজের সন্ধ্যায় ঝুলন উৎসব উপলক্ষ্যে নাচলেন মথুরার বিজেপি সাংসদ তথা অভিনেত্রী হেমা মালিনী। তাঁর নাচের ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এসেছে প্রশংসা।
শুক্রবার সন্ধ্যায় ভারতনাট্যমের সাজে ছিলেন হেমা। তিনি দক্ষ ভারতনাট্যম শিল্পী। সেই ঝলকই আরও একবার দেখা গেল। অবশ্য নাচের মধ্যেই আরেকবার পোশাক বদল করলেন হেমা। দ্বিতীয়বার শাড়ির জায়গায় গোলাপি লেহেঙ্গাতে দেখা গেল বিজেপি সাংসদকে। দু'বারই নাচের ভঙ্গিমা, চোখের মুদ্রায় উপস্থিত ভক্তদের মুগ্ধ করলেন তিনি।
নাচের শেষে হেমা মালিনী বলেন, "হরিয়ালি তীজ উপলক্ষ্যে কৃষ্ণের মন্দিরে নাচতে পেরে আমি সম্মানিত। প্রথম নাচের সময় আমি কৃষ্ণের অপেক্ষায় থাকা রাধার অনুভূতি প্রকাশ করার চেষ্টা করছিলাম। দ্বিতীয়বার আমি কৃষ্ণের সাধনায় থাকা মীরার অনুভূতি প্রকাশের চেষ্টা করেছি।"
https://twitter.com/ANINewsUP/status/1157459714583748608?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1157459714583748608&ref_url=https%3A%2F%2Fwww.ndtv.com%2Findia-news%2Fteej-2019-bjp-lawmaker-hema-malini-dance-show-delights-mathura-audience-2079703
নাচের শেষে অবশ্য মন্দির কমিটির তরফে বিজেপি সাংসদকে একটি শাড়ি ও বাঁশি দিয়ে সম্মান জানানো হয়। সেগুলি নেওয়ার পর তিনি বলেন, এই বাঁশিকে তিনি তাঁর বাড়িতে থাকা কৃষ্ণের মূর্তির সঙ্গে রাখবেন।
এই সুন্দর নাচ দেখার পর ধন্যবাদ জানিয়েছেন সেখানে উপস্থিত ভক্তরাও। তাঁদের বক্তব্য, এই বয়সেও একই রকম নাচলেন হেমা। তাঁকে দেখে বোঝাই যাচ্ছিল না, এই মুহূর্তে গ্ল্যামার দুনিয়ার বাইরে রয়েছেন তিনি। তাঁর নাচের প্রতিটা মুদ্রা, প্রতিটা ভঙ্গিমা ছিল অসাধারণ।
শ্রাবণ মাসে এই হরিয়ালি তীজ উৎসব পালন করা হয়। এ বছর তা পালন করা হচ্ছে ৩ অগস্ট অর্থাৎ শনিবার। হরিয়ালি কথার অর্থ সবুজ। বর্ষার জলে চারদিক সবুজ ফসলে ছেয়ে যায়, এই ধারণা থেকেই এই উৎসব। এই উৎসবে মূলত ভগবান শিব ও পার্বতীর মিলন উদ্যাপন করা হয়। হরিয়ানা, রাজস্থান ও পঞ্জাবেই এই উৎসবের প্রচলন বেশি।
এই উৎসব চলাকালীন মহিলারা হাতে মেহেন্দি করেন, নতুন পোশাক পরেন। তারপর নাচে-গানে পালন করা হয় এই উৎসব। সেইসঙ্গে ক্ষীর, মালপোয়া, হালুয়া প্রভৃতিও তৈরি করা হয়। এ বার সেই সঙ্গে ঝুলন উৎসব পড়ায় দ্বিগুণ সেলিব্রেশন। আর সেই উৎসবের আমেজ আরও কয়েকগুণ বেড়ে গেল হেমা মালিনী নিজের নাচের প্রতিভা দেখানোয়।