'স্বচ্ছ ভারত' অভিযান সফল, গান্ধী জয়ন্তীতে ঘোষণা করতে পারেন মোদী
দ্য ওয়াল ব্যুরো : প্রথমবার ক্ষমতায় আসার পর দেশজুড়ে স্বচ্ছ ভারত অভিযান শুরু করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার মহাত্মা গান্ধীর ১৫০ তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে গুজরাতের আহমেদাবাদের সবরমতী আশ্রমে গিয়ে সেই অভিযানকে আনুষ্ঠানিকভাবে স
শেষ আপডেট: 2 October 2019 04:30
দ্য ওয়াল ব্যুরো : প্রথমবার ক্ষমতায় আসার পর দেশজুড়ে স্বচ্ছ ভারত অভিযান শুরু করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার মহাত্মা গান্ধীর ১৫০ তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে গুজরাতের আহমেদাবাদের সবরমতী আশ্রমে গিয়ে সেই অভিযানকে আনুষ্ঠানিকভাবে সফল বলে ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী।
দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় আসার পরে মোদী দাবি করেছিলেন, পাঁচ বছরে এই স্বচ্ছ ভারত অভিযান সফল। এখন আর কেউ খোলা মাঠে শৌচ করতে যান না। দেশের বেশিরভাগ বাড়িতেই টয়লেট রয়েছে। এই পরিচ্ছন্নতার উপকারিতা যে দেশবাসী বুঝতে পেরেছেন, তাতে তিনি গর্বিত। জানা গিয়েছে বুধবার সন্ধেবেলা সে কথাই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী।
গান্ধী জয়ন্তীর দিন সকালেই টুইট করে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানান মোদী। টুইটে তিনি বলেন, "আজকের দিনে আসুন আমরা সবাই বাপুজিকে স্মরণ করি। তাঁর স্বপ্ন সফল করার শপথ নিই। কীভাবে অহিংস আন্দোলনের মাধ্যমে তিনি স্বাধীনতা এনেছিলেন তা আমরা স্মরণ করব এবং তাঁর আদর্শই হবে উন্নত ভারত গড়ার পাথেয়।"
বুধবার প্রথমে মহাত্মা গান্ধীর সমাধিস্থল রাজঘাটে গিয়ে শ্রদ্ধা জানাবেন মোদী বলে জানা গিয়েছে। এ দিন প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীরও জন্মজয়ন্তী। সেই উপলক্ষ্যে বিজয়ঘাটে শাস্ত্রীর সমাধিস্থলে গিয়েও শ্রদ্ধা জানাবেন মোদী। তারপর সংসদ ভবনে গিয়ে ফুল দিয়ে দু'জনকে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী। সেখানে শ্রদ্ধা জানাবেন অন্যান্য সাংসদরাও।
সন্ধেবেলা আহমেদাবাদের সবরমতী আশ্রমে যাবেন মোদী। সেখানে একটি অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। জানা গিয়েছে, সেখানে উপস্থিত থাকবেন প্রায় ২০ হাজারেরও বেশি গ্রামের প্রধান। তাঁদের উপস্থিতিতেই এই স্বচ্ছ ভারত অভিযানের সাফল্যের কথা ঘোষণা করার কথা প্রধানমন্ত্রীর।
গান্ধী জয়ন্তী আলাদা করে পালন করবে কংগ্রেসও। জানা গিয়েছে, জাতির জনকের স্মরণে আজ দেশজুড়ে মিছিল করবেন কংগ্রেস নেতারা। কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধীর নেতৃত্বে পদযাত্রা হবে দিল্লিতে। প্রধানমন্ত্রীর আগে রাজঘাটে গিয়ে শ্রদ্ধা জানাবেন সনিয়া। প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী পদযাত্রা করবেন মহারাষ্ট্রের ওয়ার্ধা থেকে। উত্তরপ্রদেশের লখনৌ-এর পদযাত্রায় নেতৃত্ব দেবেন কংগ্রেসের সাধারণ সম্পাদক পূর্ব উত্তরপ্রদেশের দায়িত্বপ্রাপ্ত প্রিয়ঙ্কা গান্ধী বঢড়া।