দ্য ওয়াল ব্যুরো: করোনা সংক্রমণের পরিস্থিতিতে গরিবদের ত্রাণ বিলির সময় ফটো বা সেলফি তোলায় নিষেধাজ্ঞা জারি করল রাজস্থানের অশোক গেহলট সরকার।
মুখ্যমন্ত্রী অশোক গেহলটের কথায়, গরিব সমাজের আর্থিক ভাবে অনগ্রসর অংশকে খাবার ও রেশন সরবরাহ করা বা দান করা সামাজিক কাজ। তা প্রচার বা প্রতিযোগিতার মাধ্যম হতে পারে না। তাই ত্রাণ বিলির সময় ফটো তোলা বা সেলফি তোলায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ ব্যাপারে সব জেলাশাসক ও পুলিশ সুপারদের পরিষ্কার নির্দেশও দেওয়া হয়েছে।
রাজস্থানের মুখ্যমন্ত্রী এও বলেন, যাঁদের প্রকৃতই খাবার ও অন্যান্য ত্রাণ সামগ্রী প্রয়োজন কেবল তাঁরাই যেন তা গ্রহণ করেন। যাঁদের ক্ষমতা রয়েছে বা যাঁরা এই সংকটের মধ্যেই চালিয়ে নিতে পারবেন তাঁরা যেন অযথা সুযোগ না নেন।
পর্যবেক্ষকদের অনেকের মতে, রাজস্থানের মুখ্যমন্ত্রী ভুল কিছুই বলেননি। রাজনীতিকদের মধ্যেও অনেককে দেখা যাচ্ছে, এই সংকটের সুযোগকে কাজে লাগিয়ে পাবলিসিটির জন্য রাস্তায় নেমে ত্রাণ বিলি করছেন, সেই ফটো তোলা হচ্ছে বা ফেসবুকে লাইভ করা হচ্ছে। শুধু তা নয়, যে কাজটা পুলিশ বা প্রশাসনের কর্মী অফিসাররা করতে পারেন, তা অনেকে নিজেই করতে যাচ্ছেন। আবার তখন সংবাদমাধ্যমের প্রতিনিধিদেরও খবর দিয়ে দেওয়া হচ্ছে। এবং এসব ক্ষেত্রেও অনেক সময়েই সোশাল ডিস্টেন্সিংয়ের শর্ত মানা হচ্ছে না। তবে ব্যতিক্রমও রয়েছে অসংখ্য। দেশ জুড়ে বহু মানুষ কোনও রকম প্রচার ছাড়াই গরিব দুঃস্থদের দান ধ্যান করছেন। নিঃস্বার্থ ভাবেই তা করছেন তাঁরা।