দ্য ওয়াল ব্যুরো: রাস্তায় ঘুরছে 'যমরাজ।' লকডাউনের নিয়ম ভেঙে রাস্তায় ঘুরলেই পাঠিয়ে দেওয়া হবে নরকে। মাইক হাতে এমনই হুঁশিয়ারি দিয়ে মহল্লায় মহল্লায় ঘুরছে সেই যমরাজ।
ব্যাপারটা কী?
উত্তরপ্রদেশের বাহরাইচে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে এক পুলিশকর্মীকেই যমরাজ সাজিয়ে রাস্তায় নামাল প্রশাসন। কালো-সোনালি রঙের পোশাক, মাথায় একটা মুকুট আর মস্ত গোঁফ নিয়ে মৃত্যুর দেবতা ঘুরছে রাস্তায় রাস্তায়!
বাহরাইচের বাউন্ডি থানার পুলিশকর্মী লবকুশ মিশ্র আপাতত যমরাজের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। তিনি বলছেন, "আমি যমরাজ। আমিই করোনা ভাইরাস। এখন লকডাউন না মানলে এই পৃথিবীতে আর মানুষের অস্তিত্ব থাকবে না। রাস্তায় বেরোলেই আমি নরকে নিয়ে চলে যাব। সেখানে লকডাউন করে রাখব।"
একইসঙ্গে যমরাজের পরামর্শ, ঘণ্টায় ঘণ্টায় সাবান দিয়ে হাত ধুয়ে নিন। ব্যবহার করুন স্যানিটাইজার। অত্যাবশ্যকীয় পণ্য কিনতে বেরোলেই মুখ ঢাকুন মাস্ক কিংবা রুমাল দিয়ে।
বাউন্ডি পুলিশের বক্তব্য, যমরাজ রাস্তায় নামায় নাকি ফল মিলছে। মহল্লায় মহল্লায় জটলা কমেছে অনেকটাই। একইসঙ্গে সচেতনতামূলক প্রচারও মানুষ মন দিয়ে শুনছেন।
বহু জায়গায় পুলিশের তরফে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। কলকাতাতেও দেখা গিয়েছে পুলিশকর্মীরাই 'বেলা বোস' কিংবা 'হাল্লা রাজার সেনা'র সুরে প্যারোডি গেয়ে মানুষকে সতর্ক করছেন। কিন্তু যমরাজকে রাস্তায় নামিয়ে দেওয়ার ঘটনা এই প্রথম।
করোনায় আক্রান্তের সংখ্যা গোটা দেশে ন'হাজারের গণ্ডি পেরিয়ে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৫ জনের। মোট মৃত ৩০৮। শুধু মহারাষ্ট্রেই আক্রান্তের সংখ্যা দু'হাজার পেরিয়ে গেছে। এই পরিস্থিতিতে সতর্কতাকেই সংক্রমণ রোখার হাতিয়ার বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আর মানুষকে সতর্ক করতে অভিনব উদ্যোগ নিল উত্তরপ্রদেশ পুলিশ।