দ্য ওয়াল ব্যুরো: রবিবার এনডিএ বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে চতুর্থবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রীর পদে বসতে চলেছেন নীতীশ কুমার। তবে এবার আর উপমুখ্যমন্ত্রী হিসেবে বিজেপির সুশীল মোদীকে পাবেন না তিনি। সূত্রের খবর, সুশীল মোদীর জায়গায় বিজেপির তারকিশোর প্রসাদকে করা হচ্ছে নতুন উপমুখ্যমন্ত্রী। অন্যদিকে কেন্দ্রে দায়িত্ব পেতে পারেন মোদী।
বিহারের কাটিহার কেন্দ্র থেকে জিতেছেন তারকিশোর। রবিবারই তাঁকে বিহার বিধানসভায় বিজেপির দলনেতা হিসেবে ঘোষণা করা হয়েছে। সংবাদমাধ্যমের সামনে তারকিশোর বলেন, “আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং সেই দায়িত্ব আমি ভালভাবে পালন করার চেষ্টা করব।” তবে নীতীশ কুমারের ডেপুটি হওয়ার বিষয়ে তিনি বলেন, “এই বিষয়ে কোনও মন্তব্য আমি করব না।”
নীতীশ কুমারের আগের মন্ত্রিসভায় ডেপুটির দায়িত্ব পালন করা সুশীল মোদীও জানিয়েছেন, সর্বসম্মতোক্রমে তারকিশোর প্রসাদকে বিজেপির দলনেতা হিসেবে ঘোষণা করা হয়েছে। তাঁকে যে দায়িত্ব দেওয়া হবে সেটাই তিনি পালন করবেন বলে জানিয়েছেন। তিনি টুইটারে লেখেন, “৪০ বছরের রাজনৈতিক কেরিয়ারে বিজেপি ও সঙ্ঘ পরিবার আমাকে অনেক কিছু দিয়েছে। আমাকে যে দায়িত্ব দেওয়া হবে সেই দায়িত্ব আমি পালন করব। দলীয় কর্মীর পদ কেউ ছিনিয়ে নিতে পারবে না।”
বিধানসভায় বিজেপির ডেপুটি দলনেত্রীর পদ পাওয়ার জন্য বেট্টিয়ার বিধায়ক রেণু দেবীকেও শুভেচ্ছা জানিয়েছেন সুশীল মোদী। তিনি টুইট করে লেখেন, “বেট্টিয়া থেকে চারবারের বিধায়ক রেণু দেবীকে গভীর শুভেচ্ছা। নোনিয়া সম্প্রদায় থেকে এসে বিহার বিধানসভায় বিজেপির ডেপুটি দলনেত্রী হয়েছেন তিনি।”
রবিবার এনডিএ বৈঠকের আগে বিজেপির জয়ী বিধায়কদের নিয়ে বৈঠকে এই সব সিদ্ধান্ত নেওয়া হয়। কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই, বিহারের বিজেপির দায়িত্বে থাকা ভূপেন্দ্র যাদব, নির্বাচনের দায়িত্বে থাকা দেবেন্দ্র ফড়ণবীশ, বিহারের বিজেপি সভাপতি সঞ্জয় জয়সওয়াল উপস্থিত ছিলেন।
সেখানে বিহার বিধানসভায় বিজেপির দলনেতা হিসেবে তারকিশোর প্রসাদের নাম প্রস্তাব করেন সুশীল মোদীই। সবাই সেই প্রস্তাবে সম্মতি জানান। বিজেপিতে যোগ দেওয়ার আগে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সদস্য ছিলেন তিনি। এবার বিহারের উপমুখ্যমন্ত্রীর পদও তিনিই পেতে চলেছেন বলে খবর।