দ্য ওয়াল ব্যুরো: এবার করোনাভাইরাসের হানা দিল্লির নীতি ভবনে। নীতি আয়োগের এক উচ্চপদস্থ আধিকারিক কোভিডে আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। মঙ্গলবার সকালে এই খবর আসতেই তড়িঘড়ি সিল করে দেওয়া হয় গোটা বিল্ডিং। আগামী ৪৮ ঘণ্টা নীতি ভবনকে সিল করে রাখা হবে বলে জানিয়েছে প্রশাসন। একইসঙ্গে চলবে স্যানিটাইজেশনের কাজ।
জানা গিয়েছে, ডিরেক্টর পদমর্যাদার এই আধিকারিকের কয়েকদিন ধরে জ্বর, সর্দির মতো উপসর্গ দেখা যাচ্ছিল। গতকাল নীতি আয়োগ কর্তার লালারসের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। মঙ্গলবার সকালে রিপোর্ট আসে পজিটিভ।
রিপোর্ট জানার পরই ওই কর্তা খবর দেন কর্তৃপক্ষকে। তারপরই শুরু হয় তৎপরতা। নীতি আয়োগের অন্যতম উপদেষ্টা আলোক কুমার সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, সমস্ত প্রোটোকল মেনেই পরবর্তী পদক্ষেপ করা হবে। যাঁরা এই আধিকারিকের সংস্পর্শে এসেছিলেন তাঁদের চিহ্নিত করে ইতিমধ্যেই হোম কোয়ারেন্টাইনে যাওয়ার কথা বলা হয়েছে। বেশ কিছু কর্মীকে পাঠানো হয়েছে সরকারি কোয়ারেন্টাইন সেন্টারেও।
এদিন সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক যে বুলেটিন দিয়েছে তাতে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ২৯ হাজার ৪৩৫ জন। গত ২৪ ঘণ্টায় সংক্রামিত হয়েছেন ১৫৪৩ জন এবং মৃত্যু হয়েছে ৬২ জনের। দেশে করোনা আক্রান্ত হয়ে মোট মৃত ৯৩৪। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য বলছে এই মৃত্যুর ৮০ শতাংশ পাঁচ রাজ্যে। সবচেয়ে বেশি মহারাষ্ট্র, তারপর রয়েছে গুজরাত, দিল্লি, মধ্যপ্রদেশ এবং রাজস্থান।