দ্য ওয়াল ব্যুরো: কুম্ভে স্নান করে সাফাইকর্মীদের পা ধুইয়ে দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ বার পুলওয়ামার জঙ্গি হামলায় শহিদ জওয়ানের মায়ের পা ছুঁয়ে প্রণাম করলেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন।
সোমবার উত্তরাখণ্ডের দেহরাদুনে পুলওয়ামার শহিদ জওয়ানদের উদ্দেশে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী। অনুষ্ঠান শুরুর আগেই পুলওয়ামার আত্মঘাতী জঙ্গি হামলায় শহিদ জওয়ান অজিত প্রধানের মা হেমা কুমারীর পা ছুঁয়ে প্রণাম করেন নির্মলা সীতারমন। এই ঘটনার ভিডিও তুলে রাখেন বিজেপি নেতা গণেশ জোশী। পরে তিনি তা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন।
এর আগে রবিবারই জঙ্গি হামলায় নিহত সিআরপিএফ জওয়ান পিন্টু কুমার সিংয়ের দেহ বিহারের পাটনা বিমানবন্দরে এসে পৌঁছলে সেখানে দেখা যায়নি কোনও নেতাকে। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার তখন ব্যস্ত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সংকল্প র্যালিতে। এই নিয়ে সমালোচনা শুরু করেছিলেন বিরোধীরা। এনডিএ-র জোটসঙ্গী জনতা দল ( ইউনাইটেড ) নেতা প্রশান্ত কিশোর এই ঘটনার জন্য দলের তরফে ক্ষমাও চেয়েছিলেন।
কয়েকদিন আগে প্রয়াগে কুম্ভে স্নান করে সাফাইকর্মীদের পা ধুইয়ে দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ঘটনা নিয়েও সমালোচনা করতে ছাড়েননি বিরোধীরা। তাঁরা অভিযোগ করেছিলেন, এই সাফাইকর্মীরা এতদিন ধরে কাজ করছেন। অথচ নির্বাচনের ঠিক আগেই তাঁদের কথা প্রধানমন্ত্রীর মনে পড়ল। যদিও তখন বিজেপির তরফে দাবি করা হয়েছিল, প্রধানমন্ত্রীর যে কোনও ভালো কাজকেই সমালোচনা করা বিরোধীদের অভ্যাসে পরিণত হয়েছে।