দ্য ওয়াল ব্যুরো: হাই ফাইভ পূর্ণ করল চন্দ্রযান ২। রবিবার ৬টা ২১ মিনিট নাগাদ শুরু হয়েছিল কাউন্টডাউন। গুনে গুনে ঠিক ৫২ সেকেন্ড সময় লাগল। চার নম্বর কক্ষপথ থেকে বেরিয়ে পাঁচ নম্বর তথা শেষ কক্ষপথে পা রাখল চন্দ্রযান ২। ইসরোর শ্রীহরিকোটা স্পেস রিসার্চ সেন্টার থেকে চেয়ারম্যান কে শিবন ঘোষণা করলেন, ইনসারশন সফল। উল্লাস করলেন মহাকাশবিজ্ঞানীরা। আর মাত্র কয়েকটা দিন বাকি। তারপরেই মহাকাশ গবেষণায় ইতিহাস গড়বে ভারত।
এ দিন সফলভাবে পঞ্চম কক্ষপথে চন্দ্রযান ২ প্রবেশ করার পর ইসরোর চেয়ারম্যান কে শিবন জানান, এ দিন সন্ধ্যায় চাঁদের চতুর্থ কক্ষপথের ১১৯*১২৭ কিলোমিটার পরিধিতে ঢুকে গেছে চন্দ্রযান ২। পুরো প্রক্রিয়াতে সময় লেগেছে ৫২ সেকেন্ড। চন্দ্রযানের সবগুলি অংশ ঠিকমতো কাজ করছে। চাঁদ থেকে দূরত্ব মাত্র আর ১১৯ কিলোমিটার। চাঁদের দক্ষিণ মেরু থেকে দূরত্ব ১২৭ কিলোমিটার।
তিনি আরও জানান, এর পরের ধাপ হচ্ছে চন্দ্রযান ২ থেকে ল্যান্ডার বিক্রমকে বিচ্ছিন্ন করা। ২ সেপ্টেম্বর দুপর ১২টা ৪৫ থেকে ১টা ৪৫ মিনিটের মধ্যে এই প্রক্রিয়া সম্পূর্ণ হবে বলে আশা করা হচ্ছে। তারপরে এই ল্যান্ডার বিক্রম চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করার ব্যাপারে প্রস্তুতি শুরু করবে।
https://twitter.com/isro/status/1168150606235570182?s=12
চাঁদের মাটিতে পাকাপাকি ভাবে আসর জমাতে তার সময় লাগবে আরও ৬ দিন। ৭ সেপ্টেম্বর চাঁদের দক্ষিণ মেরুর ‘ম্যানজিয়াস-সি’ এবং ‘সিম্পেলিয়াস-এন’ ক্রেটারের মাঝের সমতলভূমিতে ধীরে ধীরে পা রাখবে (সফট ল্যান্ডিং) ল্যান্ডার বিক্রম। ইসরোর চেয়ারম্যান কে শিবন জানিয়েছেন, আগামী ৬ দিনের এই ধাক্কাটা বড়ই উদ্বেগের। চন্দ্রপৃষ্ঠে জমিয়ে না বসা অবধি, স্বস্তি নেই ইসরোর মহাকাশ বিজ্ঞানীদের।
২০ অগস্ট সকাল সাড়ে ৯টার মধ্যে লিকুইড চেম্বার ইজেক্ট করে লুনার অরবিটে ঢুকে গিয়েছিল চন্দ্রযান। ১৭৩৮ সেকেন্ড লেগেছিল প্রথম কক্ষপথে পা রাখতে। পর দিন, ২১ অগস্ট চাঁদের প্রথম কক্ষপথের পরিধি ছাড়িয়ে দ্বিতীয় কক্ষপথে ঢুকে পড়ে চন্দ্রযান ২। ২৮ অগস্ট সকালে পৌঁছয় তৃতীয় কক্ষপথে। ৩০ অগস্ট সন্ধে ৬টা নাগাদ চতুর্থ কক্ষপথ ১৬৪ কিলোমিটারে পৌঁছয় চন্দ্রযান ২। ফাইনাল অরবিট বা পঞ্চম কক্ষপথে পৌঁছল এ দিন সন্ধা ৬টা ২১ মিনিট নাগাদ।
ইসরো সূত্রে আগেই জানানো হয়েছিল, পৃথিবী এবং চন্দ্রের কক্ষপথে ঘোরার মধ্যে মোট ১৫টি ধাপে শক্তি বাড়ানো হবে। এই ভাবেই ধীরে ধীরে এগিয়ে দেওয়া হবে চাঁদের দিকে। তার পর সব শেষে চাঁদের মাটিতে নামবে বিক্রম ল্যান্ডার।
চাঁদের কক্ষপথের প্রায় ১০০ কিলোমিটার উপরে থাকতেই চন্দ্রযানের পেট থেকে বেরিয়ে আসবে ল্যান্ডার ‘বিক্রম।’ সব ঠিক থাকবে ‘বাহুবলী’ জিএসএলভি মার্ক-৩ রকেট থেকে ল্যান্ডারের ছাড়াছাড়ি হবে আগামী ২ সেপ্টেম্বর। রকেট থেকে বিচ্ছিন্ন হয়ে ল্যান্ডার পাক খেতে শুরু করবে চাঁদের কক্ষপথে। ইসরোর বিজ্ঞানীরা জানিয়েছেন, নামার আগে আরও চার দিন চাঁদকে প্রদক্ষিণ করবে ল্যান্ডার। তার পর ধীরেসুস্থে নামবে চাঁদের দক্ষিণ মেরুতে (৭০ ডিগ্রি অক্ষাংশ) । ইজেক্ট করবে ২৭ কেজি ওজনের ৬ চাকার রোভার ‘প্রজ্ঞান’কে।