
শেষ আপডেট: 18 February 2021 02:32
উপগ্রহ চিত্রে দেখা গিয়েছে, উত্তর ও দক্ষিণ প্যাঙ্গং থেকে যুদ্ধট্যাঙ্ক, হাউইৎজার কামানও সরিয়ে নিচ্ছে দুই দেশ। প্যাঙ্গং হ্রদের দক্ষিণ তীরে কৈলাস পার্বত্য অঞ্চলের চুসুল সেক্টর থেকেও যাবতীয় সামরিক সরঞ্জাম সরিয়ে নেওয়ার কাজ চলছে।
একটি ভিডিও সামনে এসেছে যেখানে দেখা গেছে, প্যাঙ্গং সংলগ্ন এলাকায় নিজেদের বাঙ্কার, অস্থায়ী সামরিক কাঠামো ভেঙে ফেলছে চিনের সেনা। অস্ত্রশস্ত্র যা মোতায়েন করা ছিল সেগুলো সব গুছিয়ে ট্রাকে ভরছে। পাহাড়ি ঢাল বেয়ে তাঁবু ঘাড়ে নিয়ে সার বেঁধে চিনের সেনাদের নেমে আসতেও দেখা গেছে।
গত এপ্রিল-মে মাস থেকে পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর ঢিল ছোড়া দূরত্বে দাঁড়িয়ে রয়েছে দু’দেশের সেনা। ঘটেছে একাধিক রক্তক্ষয়ী সংঘর্ষ। সীমান্তে পরিস্থিতি স্বাভাবিক করতে এর আগে একাধিকবার সেনা সরিয়ে নেওয়া বা ডিসএনগেজমেন্টের কথা বলেছিল দুই দেশই। চিন সেনা সরানোর প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তা হয়নি। বরং সীমান্তে অতিরিক্ত সেনা ও যুদ্ধাস্ত্র মোতায়েন করে ফের আগ্রাসনের চেষ্টা করেছে। তবে শেষবারের বৈঠকের পরে চিন দাবি করেছে, দু’পক্ষই দ্রুত সেনা প্রত্যাহার করার প্রশ্নে সম্মত হয়েছে। গোগরা হটস্প্রিং ও গালওয়ান উপত্যকা থেকে ২ কিমি করে মোট ৪ কিলোমিটার এলাকায় তৈরি হবে বাফার জ়োন। ওই এলাকায় টহল দিতে পারবে না কোনও দেশের বাহিনীই। সামরিক অস্ত্রও মোতায়েন করা যাবে না।