দ্য ওয়াল ব্যুরো: নতুন সংসদ ভবনের শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নির্ধারিত সূচি ও নিয়ম মেনে হয় সবকিছু। উপস্থিত ছিলেন অনেক বিশিষ্ট অতিথি। আর এই অনুষ্ঠানে দাঁড়িয়ে নতুন সংসদ ভবনকে আত্মনির্ভর ভারতের দলিল হিসেবে উল্লেখ করলেন মোদী।
এদিন শিলান্যাসের পরে মোদী বলেন, “আজ একটা ঐতিহাসিক দিন। আজকের দিনটা আমাদের ভারতের ভিত্তিপ্রস্তর স্থাপনের দিন। বর্তমান সংসদ ভবন যদি ১৯৪৭ সালের পর থেকে স্বাধীন ভারতকে এক দিশা দেখিয়েছে তাহলে নতুন সংসদ ভবন এক নতুন ও আত্মনির্ভর ভারতের দলিল হয়ে থেকে যাবে।”
বর্তমান সংসদ ভবনেরও স্মৃতিচারণ করতে দেখা যায় প্রধানমন্ত্রীকে। তিনি বলেন, “এই গণতন্ত্রের মন্দিরের অংশ আমি যেদিন হয়েছিলাম সেই দিনটা আমার কাছে খুব গুরুত্ত্বপূর্ণ। আমার প্রথম দিন এখানে আসার কথা মনে আছে। এই ভবনে অনেকবার মেরামতি হয়েছে। কিন্তু এবার এর মেয়াদ শেষ হয়েছে। এবার এই ভবনের বিশ্রাম দরকার।”
নির্ধারিত সূচি অনুযায়ী বৃহস্পতিবার বেলা ১২ টা বেজে ৫৫ মিনিটে নতুন সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই উপলক্ষে ছ'জন পুরোহিত মন্ত্রপাঠ করেন। ফুলে ঢাকা বেদীর সামনে ভিত্তিপ্রস্তর স্থাপনের সব আচার-অনুষ্ঠান পালন করেন মোদী। এই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন ২০০ জন। তাঁদের মধ্যে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী, সাংসদ, বিদেশি দূত এবং শিল্পপতি রতন টাটা। সেন্ট্রাল ভিস্টা প্রকল্পের অংশ হিসাবে তৈরি হবে নতুন সংসদ ভবন। ওই প্রকল্পের একটি অংশ নির্মাণ করবে টাটা প্রজেক্ট।
সেন্ট্রাল ভিস্টা প্রকল্পের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন পরিবেশবাদীরা। তার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্মাণের কাজ শুরু করা যাবে না। সেন্ট্রাল ভিস্টা প্রজেক্টে মোট খরচ হবে ২০ হাজার কোটি টাকা। রাষ্ট্রপতি ভবন থেকে ইন্ডিয়া গেট অবধি তিন কিলোমিটার জায়গা জুড়ে বেশ কয়েকটি নতুন ভবন তৈরি হবে। তার মধ্যে রয়েছে সংসদ ভবন।
নতুন সংসদ ভবনের আয়তন হবে ৬৪ হাজার ৫০০ বর্গ মিটার। তার জন্য খরচ হবে ৯৭১ কোটি টাকা। ২০২২ সালের ১৫ অগস্ট, ৭৫ তম স্বাধীনতা দিবসে নতুন সংসদ ভবন উদ্বোধন করা হবে।
নতুন সংসদ ভবনে একসঙ্গে ৮৮৮ জন লোকসভা সদস্য বসতে পারবেন। সংসদের যৌথ অধিবেশনে বসতে পারবেন ১২২৪ জন সাংসদ। রাজ্যসভায় বসতে পারবেন ৩৮৪ জন। আগামী দিনে লোকসভা ও রাজ্যসভা, সংসদের দুই কক্ষেরই সদস্য সংখ্যা বাড়বে। বর্তমানে লোকসভার সদস্য সংখ্যা ৫৪৩। রাজ্যসভায় আছেন ২৪৫ জন সাংসদ।
নতুন সংসদ ভবনটি হবে ত্রিকোণাকৃতি। বর্তমান সংসদ ভবনের কাছেই তা তৈরি হবে। সরকার জানিয়েছে, পার্লামেন্ট হাউস এস্টেটের প্লট নাম্বার ১১৮-তে নতুন ভবনটি গড়ে উঠবে। প্রত্যেক এমপিকে অফিসের কাজকর্ম চালানোর জন্য ৪০ বর্গ মিটার করে জায়গা দেওয়া হবে।
বর্তমান সংসদ ভবনটি ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল। তাঁর আকৃতি গোলাকার। ভারতের সবচেয়ে উল্লেখযোগ্য ভবনগুলির মধ্যে পার্লামেন্ট ভবন অন্যতম। এই ভবনটিও মেরামত করা হবে। তারপর তাকে মিউজিয়াম হিসেবে রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে।
১৯২১ সালে বর্তমান পার্লামেন্ট ভবন নির্মাণের কাজ শুরু হয়। তা সম্পূর্ণ হতে লাগে ছ'বছর। ১৯৫৬ সালে তাতে দু'টি তলা নির্মাণ করা হয়। চলতি বছরের শুরুতে সরকার জানায়, বর্তমান সংসদ ভবনটি অতি ব্যবহারে জীর্ণ হয়ে পড়েছে।