মুসলিম মেয়ের বিয়ের কার্ডে গণেশ-রাধাকৃষ্ণের ছবি, সম্প্রীতির বার্তা মহম্মদ শরাফতের
দ্য ওয়াল ব্যুরো: মেয়ের বিয়ের কার্ড ছাপিয়েছেন মহম্মদ শরাফত। মীরাটের বাসিন্দা এই ব্যক্তির মেয়ের বিয়ের কার্ড জুড়ে রয়েছেন হিন্দু দেবদেবী। গণপতি থেকে রাধা-কৃষ্ণ, রয়েছেন সকলেই। তার পাশেই লেখা রয়েছে ‘চাঁদ মুবারক’-ও। আগামী ৪ মার্চ মেয়ে আসমা খাতুনের
শেষ আপডেট: 29 February 2020 08:53
দ্য ওয়াল ব্যুরো: মেয়ের বিয়ের কার্ড ছাপিয়েছেন মহম্মদ শরাফত। মীরাটের বাসিন্দা এই ব্যক্তির মেয়ের বিয়ের কার্ড জুড়ে রয়েছেন হিন্দু দেবদেবী। গণপতি থেকে রাধা-কৃষ্ণ, রয়েছেন সকলেই। তার পাশেই লেখা রয়েছে ‘চাঁদ মুবারক’-ও। আগামী ৪ মার্চ মেয়ে আসমা খাতুনের বিয়ের দেবেন মহম্মদ শরাফত। শেষ মুহূর্তের প্রস্তুতি এখন তুঙ্গে। জমিয়ে চলেছে আয়োজন। মেয়ের বিয়ে বলে কথা। তার মাঝেই প্রকাশ্যে এল এমন অভিনব বিয়ের কার্ডের ছবি। নেট দুনিয়ায় রাতারাতি সেনসেশনে হয়ে গিয়েছেন মহম্মদ শরাফত।
কিন্তু হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নিলেন মহম্মদ শরাফত?
পাত্রীর বাবার কথায়, “আমার মনে হয়েছিল হিন্দু-মুসলমানের মধ্যে সম্প্রীতির বার্তা দেওয়ার জন্য এটা একটা ভাল উপায় হতে পারে। তাই মেয়ের বিয়ের কার্ড বানাতে দিয়েছিলাম এমন অভিনব ডিজাইনে। আমার বন্ধুবান্ধব এবং পরিবারের বাকিরাও খুব ভালভাবেই মেনে নিয়েছেন এই সিদ্ধান্ত। এবং তাঁরা সকলেই খুব খুশি। চারদিকে এখন এত হিংসা-হানাহানি। জাত-পাতের ভেদাভেদ, ধর্মের নামে এত অশান্তি। তার মাঝে শুধুই সমাজে সম্প্রীতির বার্তা দিতে চেয়েছিলাম। সেই জন্যই এই কার্ড বানানো।“

মহম্মদ শরাফতের পরিবারের অনেকেই আছে যাঁরা ভালভাবে হিন্দি পড়তে পারেন না। তাঁদের জন্য একই কার্ড উর্দুতেও ছাপিয়েছেন পাত্রীর বাবা। কনের বাবার এমন অভিনব সিদ্ধান্তে খুশি নেটিজেনরাও। কার্ডের ছবি ভাইরাল হতেই মীরাটের মহম্মদ শরাফতকে শুভেচ্ছা জানিয়েছেন সকলেই। মেয়ের বিয়ে যাতে ভাল্ভাবে মিটে যায় সেজন্য আশীর্বাদও করেছেন সবাই।