দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রত্যাশা কাশ্মীরে আবার সিনেমার শ্যুটিং হবে আগের মতোই।
সংবিধানের ৩৭০ ধারা বিলোপের পর বৃহস্পতিবার জাতির উদ্দেশে প্রথমবার ভাষণ দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর কথায় বারবারই উঠে এসেছে কাশ্মীরের আম জনতার উন্নয়নের কথা। যুব সমাজের রোজগারের কথা। আর উপত্যকার সাধারণ মানুষের জন্য 'ফিল্ম ইন্ডাস্ট্রি' যে বড়সড় উপার্জনের রাস্তা খুলে দিতে পারে, এ দিনের ভাষণে সে কথাও বলেছেন মোদী।
প্রধানমন্ত্রী বলেন, একটা সময় ছিল যখন ভারতের প্রায় সব ছবিরই শ্যুটিং হতো কাশ্মীরে। কিন্তু এখন আর সে সব হয় না। বাস্তবেও বিষয়টা ঠিক এমনই। আগে যে ভাবে বলিউডের ছবিতে কাশ্মীরের নৈসর্গিক সৌন্দর্য দেখা যেত, হালফিলে তেমন নিদর্শন কই। অশান্ত পরিবেশ এবং নিরাপত্তার খাতিরে বরং পরিচালকরা শ্যুটিং রাখতেই চান না জম্মু-কাশ্মীরে। পিছিয়ে যান কলাকুশলীরাও। তবে ৩৭০ ধারা বিলোপের পর এই অবস্থার পরিবর্তন হবে বলেই আশা প্রধানমন্ত্রীর।
এ দিনের ভাষণে মোদী বলেছেন, বলিউড ছাড়াও তামিল এবং তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রির কাছে আমার অনুরোধ সকলে কাশ্মীরে শ্যুটিংয়ের জন্য এগিয়ে আসুন। শুধু ছবির শ্যুটিং নয়, এখানে থিয়েটার করা নিয়েও ভাবুন। আপনারা যদি এগিয়ে আসেন, তাহলেই সারা দুনিয়া ছুটে আসবে কাশ্মীরে ছবির শ্যুটিং করতে। বিনোদন জগত কাশ্মীরের আম জনতার জীবনে এক নতুন দিগন্ত খুলে দেবে। যুব সমাজের কাছে উপার্জনের অনেক নতুন নতুন রাস্তা খুলে যাবে। বহু লোকের চাকরি হবে। সব মিলিয়ে উন্নতি হবে কাশ্মীরের আম জনতার।