দ্য ওয়াল ব্যুরো: মনে পড়ে সপ্তাহ দুই আগের কথা? আসানসোলে লাইন পড়ে গিয়েছিল। কেন? করোনা ভাইরাস প্রতিষেধক টিকা খেতে। তারপর পুলিশ গিয়ে লাঠি উঁচিয়ে জনতাকে ছত্রভঙ্গ করে।
তার ক'দিন আগে দিল্লিতে কী হয়েছিল মনে পড়ে? 'জয় করোনা' স্লোগান দিয়ে গোমূত্র পানের ফেস্টিভ্যাল আয়োজন করেছিল বিশ্বহিন্দু পরিষদ। তাঁদের এক নেতা বলেছিলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্যাকিং করে গোমূত্র পাঠাবেন। গোমূত্রের ডিফেন্সে আটকে যাবে করোনা।
তারপর সেই গোমূত্র ছড়িয়ে পড়েছিল ডানকুনি থেকে দ্বারভাঙা, জোড়াসাঁকো থেকে জব্বলপুর পর্যন্ত। কিন্তু মঙ্গলবার সন্ধ্যায় করোনাভাইরাস নিয়ে জাতির উদ্দেশে বক্তৃতায় অন্ধবিশ্বাস দূরে সরিয়ে রাখতে বললেন প্রধানমন্ত্রী। সেইসঙ্গে সতর্ক করে বললেন, "গুজব ছড়াবেন না, কোনও গুজবে কান দেবেন না।"
এদিন প্রধানমন্ত্রী বলেন, "সমস্ত অন্ধবিশ্বাসকে দূরে সরিয়ে রাখুন। চিকিৎসকদের পরামর্শ ছাড়া ওষুধ খাবেন না।" এখানেই থামেননি মোদী। দেশবাসীকে সতর্ক করে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, "তা করলে আপনার বড় বিপদ হতে পারে।"
করোনাভাইরাস সংক্রমণের শৃঙ্খল ভাঙতে আজ মধ্যরাত থেকে ২১দিন সারা দেশে সম্পূর্ণ লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। জাতির উদ্দেশে বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেছেন, "এই ২১ দিন বাইরেটা কী জিনিস সেটা ভুলে যান। যাই হয়ে যাক ঘরে থাকুন।" জনতা কার্ফুর থেকে এই কার্ফু যে আরও কঠিন তাও উল্লেখ করেন মোদী। সেইসঙ্গে বলেন, আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবেই পায়ে বেড়ি পরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। তাঁর কথায়, "এটা সবার জন্য বলবৎ হবে। প্রধানমন্ত্রী থেকে আমজনতা সবার জন্য এক নিয়ম। সবাইকে থাকতে হবে ঘরের মধ্যে।"