দ্য ওয়াল ব্যুরো: একদিকে যখন শিবসেনা প্রধান উদ্ধব টাকরে লোকসভা নির্বাচনের আগে মোদীর প্রশংসা করছেন, অন্যদিকে তখন তাঁর তুতোভাই তথা মহারাষ্ট্র নবনির্মাণ সেনা প্রধান রাজ ঠাকরে মোদী বিরোধিতার সুর ক্রমে বাড়িয়েই চলেছেন। সম্প্রতি এক সভায় রাজ ঠাকরে অভিযোগ করেন, মোদী সবসময় প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ও ইন্দিরা গান্ধীর সমালোচনা করেন, কিন্তু তাঁদেরকেই নকল করেন তিনি।
শুক্রবার একটি নির্বাচনী প্রচারে এক সভায় রাজ ঠাকরে বলেন, “দিল্লির তিনমূর্তি ভবনে নেহরু ন্যাশনাল মিউজিয়ামে জওহরলাল নেহরুর একটা মূর্তি আছে। সেই মূর্তির নীচে নেহরুর কথা লেখা আছে। নেহরু বলেছেন, এই দেশের জনগণ আমাকে প্রধানমন্ত্রী না বলে প্রথম সেবক বলুক। মোদীজি নেহরুর এই প্রথম সেবক কথাকে একটু বদলে প্রধান সেবক করে দিয়েছেন।” মোদী সম্প্রতি এক জনসভায় নিজেকে দেশের প্রধান সেবক বলেছিলেন। রাজ ঠাকরে আরও বলেন, “আপনি ( মোদী ) সবসময় নেহরু ও ইন্দিরা গান্ধীকে গালমন্দ করেন, কিন্তু তাঁদেরকেই নকল করেন। গত পাঁচ বছরে আপনি দেশ ও দেশের মানুষকে শুধুই মিথ্যে কথা বলেছেন।”
নরেন্দ্র মোদী বারেবারেই কংগ্রেসকে একটি পরিবারকেন্দ্রিক দল বলে কটাক্ষ করেছেন। তিনি বলেছেন, কংগ্রেসের বেশিরভাগ সভাপতিই নেহরু-গান্ধী পরিবার থেকে এসেছেন। এটা থেকেই বোঝা যায়, এই দলে গণতন্ত্র নেই, একটা বিশেষ পরিবারই এই দল চালায়। মোদী আরও অভিযোগ করেন, বছরের পর বছর ধরে এই পরিবার শুধু নিজেদের উন্নতির কথা ভেবেছে, দেশের উন্নতির কথা ভাবেনি। সম্প্রতি গোয়ায় এক নির্বাচনী সভায় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর উদ্দেশে তাঁর বাবা তথা প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে নিয়ে তোপ দাগেন মোদী। তিনি বলেন, “আমি মাঝেমাঝে ভাবি, উনি ( রাহুল ) কেন এত মিথ্যে কথা বলেন? আমার মনে হয়, ওঁর বাবা বফর্স চুক্তি নিয়ে যে কারচুপি ও পাপ করেছিলেন, সেটা ওনার মাথায় থেকে গিয়েছে। সেটাকে ধুয়ে ফেলার জন্য পৃথিবীর সবার উপর পাপের বোঝা চাপানোর চেষ্টা করছেন তিনি।”
সূত্রের খবর, লোকসভা নির্বাচনের আগে কংগ্রেস ও শরদ পাওয়ারের এনসিপির সঙ্গে জোট বাঁধতে চেয়েছিলেন রাজ ঠাকরে। কিন্তু এই জোটের ব্যাপারে না করে দেয় কংগ্রেস। তারপরেই এমএনএস প্রধান ঠিক করেন, তাঁর দল নির্বাচনে লড়বে না, কিন্তু বিজেপি বিরোধী প্রচার চালিয়ে যাবে। সম্প্রতি এক সভায় দাঁড়িয়ে রাজ ঠাকরে বলেন, “আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি না। কিন্তু মহারাষ্ট্রে অন্তত আট থেকে দশটি সভা করব। জল্পনা চলছিল, যে আমি কংগ্রেস ও এনসিপির সঙ্গে জোট বাঁধছি। আমি বলতে চাই, আমি কারও সঙ্গে জোট করছি না। দু’জন ব্যক্তি দেশের জন্য ক্ষতিকর। তাঁরা হলেন নরেন্দ্র মোদী ও অমিত শাহ। আমি তাঁদের বিরুদ্ধে লড়াই করব। এতে যদি কংগ্রেস-এনসিপি লাভবান হয়, তো হবে।”
আরও পড়ুন
https://www.four.suk.1wp.in/news-national-maneka-gandhi-gets-notice-for-comment-on-muslim-voters/