দ্য ওয়াল ব্যুরো: আরব সাগরের মধ্যে ভেঙে পড়ল একটি মিগ-২৯কে ট্রেনার জেট। এই দুর্ঘটনায় বিমানের দু’জন পাইলটের মধ্যে একজন নিখোঁজ। অন্যজনকে উদ্ধার করেছে উদ্ধারকারী দল। দ্বিতীয় জনের খোঁজে এখনও চলছে তল্লাশি অভিযান।
জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে আরব সাগরে ভেঙে পড়ে একটি মিগ-২৯কে ট্রেনার এয়ারক্রাফট। তাতে দু’জন পাইলট ছিলেন। এই দুর্ঘটনার কথা স্বীকার করা হয়েছে ভারতীয় নৌবাহিনীর তরফেও। তাদের তরফে একটি বিবৃতি দিয়ে বলা হয়েছে, “২৬ নভেম্বর ৫টার সময় আরব সাগরের উপরে প্রশিক্ষণ নেওয়া একটি মিগ-২৯কে ট্রেনার এয়ারক্রাফট ভেঙে পড়ে। একজন পাইলটকে উদ্ধার করা হয়েছে। অন্যজনের খোঁজে বায়ু ও স্থল উদ্ধারকারী ইউনিট তল্লাশি চালাচ্ছে। এই দুর্ঘটনা কীভাবে ঘটল তার জন্য একটি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।”
গোয়াতে বিমানবন্দর ও সমুদ্রের উপরে থাকা আইএনএস বিমক্রমাদিত্য থেকে ৪০টির বেশি মিগ-২৯কে কেরিয়ার এয়ারক্রাফট নিয়ন্ত্রণ করে ভারতীয় বায়ুসেনা। সেগুলিরই প্রশিক্ষণ চলছিল। সেই সময়েই এই দুর্ঘটনা ঘটে।
এর আগে ২০১৯ সালের নভেম্বর মাসে গোয়া বিমানবন্দরের রানওয়েতে বেশি এগিয়ে যায় একটি মিগ-২৯কে ফাইটার জেট। তার ফলে ধাক্কা লেগে ভেঙে যায় সেটি। তারপরেই জেটটিতে আগুন ধরে যায়। তবে তার আগেই সেখান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন পাইলট ও তাঁর অধীনে প্রশিক্ষণ নেওয়া এক পাইলট।
এই দুর্ঘটনার বিষয়ে প্রতিরক্ষামন্ত্রকের তরফে জানানো হয়, ফাইটার জেটটি নিয়ন্ত্রণ করতে গিয়ে একটু বেশিই এগিয়ে যান প্রশিক্ষণ নেওয়া পাইলট। তারপরেই এই দুর্ঘটনা ঘটে। কিন্তু আরব সাগরে ভেঙে পড়া বিমানের ক্ষেত্রে ঠিক কী কারণে দুর্ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি।