শেষ আপডেট: 4 April 2020 07:09
এই অ্যাডভাইজরিতে জানানো হয়েছে, এই মাস্কগুলি ব্যবহার করার আগে ভাল করে ধুয়ে নিতে হবে। সাধারণত মাস্কের দুটি সেট রাখতে বলা হয়েছে। পর্যায়ক্রমে এই মাস্কদুটি ব্যবহার করতে হবে। মাস্ক পরার আগে নিজের হাত ভাল করে স্যানিটাইজ করে নেওয়ার কথা বলা হয়েছে। বাড়িতেই পরিষ্কার কাপড় দিয়ে এই মাস্ক বানিয়ে নেওয়া সম্ভব। তবে দেখতে হবে মাস্ক পরলে যেন মুখ ও নাক ভালভাবে ঢাকা যায়। আর একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে বলা হয়েছে। সুস্থ ব্যক্তিরাও যেন একজনের মাস্ক অন্যজন না পরেন। প্রত্যেকেকে আলাদা মাস্ক ব্যবহার করতে বলা হয়েছে।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের এই নির্দেশিকায় আরও জানানো হয়েছে, যাঁরা কোভিড-১৯ আক্রান্ত কিংবা তাঁদের চিকিৎসার কাজে যুক্ত ডাক্তার, নার্স এবং অন্যান্য জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের অবশ্যই এন ৯৫ মাস্ক ব্যবহার করতে হবে। বাড়িতে তৈরি মাস্ক শুধুমাত্র সুস্থ ব্যক্তিদের জন্য।
শনিবার সকাল ৯টা পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ২৯০২। মৃত্যু হয়েছে ৬৮ জনের। সুস্থ হয়ে উঠেছেন ১৮৪ জন। এই অবস্থায় এই সংক্রমণ যাতে না ছড়ায় তার জন্য একাধিক ব্যবস্থা নিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। সেই ব্যবস্থার অঙ্গ হিসেবেই এই অ্যাডভাইজরি জারি করল তারা।