দ্য ওয়াল ব্যুরো: ৭১ তম প্রজাতন্ত্র দিবস উদযাপন হচ্ছে গোটা দেশে। দিল্লিতে রাজপথে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে হাজির ছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট বলসোনারো। এই কুচকাওয়াজে ভারতের সেনাবাহিনীর শক্তি প্রদর্শন হল। আর সেখানেই এবার দেখা গেল নারীশক্তির জয়জয়কার। প্রথম মহিলাদের বাইক র্যালি দেখা গেল আজ। সেইসঙ্গে অনেক ক্ষেত্রেই কুচকাওয়াজের নেতৃত্বের দায়িত্ব ছিল মহিলাদের হাতেই।
এদিন শুরুতেই প্রথা ভাঙেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কুচকাওয়াজের আগে ইন্ডিয়া গেটের অমর জওয়ান জ্যোতিতে না গিয়ে ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে গিয়ে দেশের শহিদ জওয়ানদের শ্রদ্ধা জানান মোদী। সেই একই ছবি দেখা গেল কুচকাওয়াজের সময়ও। প্রথা ভেঙে নারীশক্তির জয়গান গাইল সেনাও।

এবারই প্রথম মহিলাদের বাইক র্যালি দেখা গেল। সিআরপিএফের ২১ মহিলা কর্মী পাঁচটি মোটরবাইকের উপর মানব পিরামিড বানালেন। এই কাজে নেতৃত্ব দিলেন অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেক্টর অনিতা কুমারী। তাঁদের মাঝে সগর্বে উড়ছিল ভারতের তেরঙ্গা পতাকা।

এই মহিলাদের বাইক র্যালির নেতৃত্বে ছিলেন র্যাপিড অ্যাকশন ফোর্সের ইনস্পেক্টর সীমা নাগ। তাঁকে চলন্ত বাইকের উপর দাঁড়িয়ে স্যাল্যুট করতে দেখা গেল। চলন্ত বাইকের উপর দাঁড়িয়ে দু'হাতে দুটি বন্দুক চালানোর ভঙ্গি দেখালেন হেড কনস্টেবল মীনা চৌধরী।

এদিনের কুচকাওয়াজের ফিনালেতে দেখা গেল তিনটি অ্যাডভান্সড লাইট হেলিকপ্টারে একটি ত্রিশূলের মতো করে উড়ছে। এই প্রথম কোনও প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে এই ধরনের দৃশ্য দেখা গেল। তারপরে চিনুক হেলিকপ্টারে করে ভিকট্রি ( জয় ) ফর্মেশন দেখানো হল।

এবারই প্রথম মিশন শক্তির আওতায় থাকা ভারতের অ্যান্টি স্যাটেলাইট অস্ত্র প্রদর্শন করা হল। এছাড়াও যেসব অত্যাধুনিক অস্ত্র ভারতীয় সেনার কাছে রয়েছে তাও প্রদর্শন করা হল এদিনের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে।