দ্য ওয়াল ব্যুরো: নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়ে বিমানবন্দরে ঢুকে পড়লেন এক যুবক। তারপর দাঁড়িয়ে থাকা একটি হেলিকপ্টারে ভাঙচুর চালান তিনি। একটি বিমান টেকঅফের আগে বসে পড়েন রানওয়েতে। অবশেষে নিরাপত্তারক্ষীরা আটক করেছেন তাঁকে।
ঘটনাটি ঘটেছে ভোপালের রাজা ভোজ বিমানবন্দরে। রবিবার সন্ধেবেলা ২০ বছর বয়সী যোগেশ ত্রিপাঠি নামের এক যুবক নিরাপত্তারক্ষীদের চোখে ফাঁকি দিয়ে বিমানবন্দরের ভিতর ঢুকে পড়েন। সেখানে দাঁড়িয়ে থাকা একটি হেলিকপ্টারে ভাঙচুর চালান তিনি। হেলিকপ্টারটির সামনের দিকটি ভেঙে গিয়েছে বলে খবর। তারপরেই স্পাইসজেটের একটি বিমান টেকঅফ করার সময় রানওয়েতে বিমানের সামনে বসে পড়েন তিনি।
বিমানের পাইলট ওভাবে একজনকে রানওয়েতে বসে থাকতে দেখে খবর পাঠান কন্ট্রোল রুমে। সঙ্গে সঙ্গে নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ জওয়ানরা সেখানে আসেন। নিরাপত্তারক্ষীদের দেখে যোগেশ পালানোর চেষ্টা করলে তাঁকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে বলে খবর।
ভোপালের রাজা ভোজ বিমানবন্দরটি রাধা স্বামী সৎসঙ্গ ব্যাসের নিয়ন্ত্রণাধীন। এই ঘটনার পরে লোকেশ সিনহা নামের এক পুলিশ আধিকারিক জানান, “আমাদের খবর পাঠানো হয় বিমানবন্দরে ঢুকে এক যুবক ভাঙচুর করেছে। আমরা সেখানে পৌঁছলে বিমানবন্দরের নিরাপত্তারক্ষীরা ওই যুবককে আমাদের হাতে তুলে দেন। পালিয়ে যাওয়ার আগেই তাঁকে আটক করেন নিরাপত্তারক্ষীরা। তিনি কী উদ্দেশ্যে বিমানবন্দরে ঢুকেছিলেন সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”
বিমানবন্দর সূত্রে খবর, ৪৬ জন যাত্রী নিয়ে উদয়পুরে যাচ্ছিল স্পাইসজেটের ওই বিমান। তখনই রানওয়েতে ওই যুবককে বসে থাকতে দেখা যায়। এই ঘটনায় এক ঘণ্টা দেরিতে রাত ৮টা নাগাদ রওনা দেয় ওই বিমান। কী ভাবে নিরাপত্তারক্ষীদের চোখ এড়িয়ে যোগেশ বিমানবন্দরের ভিতরে ঢুকল সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।