দ্য ওয়াল ব্যুরো: করোনা আক্রান্ত হয়েছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। সোমবার সকালে নিজেই সেকথা জানিয়েছেন তিনি। করোনা রিপোর্ট পজিটিভ আসার পরে চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। যদিও তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলেই জানিয়েছেন তিনি।
সোমবার এনসিপি নেতা জানিয়েছেন, “আমি করোনা আক্রান্ত হয়েছি। আমার শারীরিক অবস্থা ভালই আছে। কিন্তু চিকিৎসকদের পরামর্শে আমাকে ব্রিচক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছে।”
শুধু তাই নয়, নিজের দলের নেতা-কর্মী ও মহারাষ্ট্রের বাসিন্দাদের তাঁর স্বাস্থ্যের বিষয়ে চিন্তা করতে নিষেধ করেছেন অজিত পাওয়ার। তিনি জানিয়েছেন, খুব তাড়াতাড়ি তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরবেন।
এর আগে বৃহস্পতিবার করোনা পরীক্ষা করা হয়েছিল অজিত পাওয়ারের। যদিও সেই সময় রিপোর্ট নেগেটিভ আসে তাঁর। অবশ্য বাড়িতেই কোয়ারেন্টাইনে ছিলেন তিনি। তারপরে ফের একবার পরীক্ষা করা হলে সেই রিপোর্ট পজিটিভ আসে।
গত কয়েক মাসে মহারাষ্ট্রের বেশ কিছু মন্ত্রী করোনা আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে জীতেন্দ্র আওয়াধ, অশোক চাভান, ধনঞ্জয় মুণ্ডে, বর্ষা গায়কোয়াড়, একনাথ শিণ্ডে, নিতীন রাউত রয়েছেন। এছাড়া হাসান মুশরিফ, সুনীল কেদার, বালাসাহেব পাতিল, আসলাম শেখ, বাচ্চু কাদু, আব্দুল সাত্তার, সঞ্জয় বানসোদ, বিশ্বজিৎ কদমের মতো মন্ত্রীরাও করোনা আক্রান্ত হয়েছেন মহারাষ্ট্রে।