মহারাষ্ট্র-গুজরাত-দিল্লি, ভারতে করোনা আক্রান্তের ৫৪ শতাংশই রয়েছে এই তিন রাজ্যে
দ্য ওয়াল ব্যুরো: ভারতে মোট করোনা আক্রান্তের প্রায় ৫৪ শতাংশই রয়েছে মহারাষ্ট্র, গুজরাত এবং দিল্লি----এই তিন রাজ্যে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুসারে ৪ মে সকাল ৮টা পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৪২,৫৩৩ জন। তার মধ্যে মহারাষ
শেষ আপডেট: 4 May 2020 07:56
দ্য ওয়াল ব্যুরো: ভারতে মোট করোনা আক্রান্তের প্রায় ৫৪ শতাংশই রয়েছে মহারাষ্ট্র, গুজরাত এবং দিল্লি----এই তিন রাজ্যে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুসারে ৪ মে সকাল ৮টা পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৪২,৫৩৩ জন। তার মধ্যে মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ১২,৯৭৪। দিল্লিতে আক্রান্ত হয়েছে ৪৫৪৯ জন। আর গুজরাতে কোভিড আক্রান্তের সংখ্যা ৫৪২৮। এই তিন রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা দেশের মোট আক্রান্তের প্রায় ৫৪ শতাংশ।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুসারে ৪ মে সকাল ৮টা পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা মোট ৪২,৫৩৩। কোভিড সংক্রমণে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১৩৭৩ জনের। তবে এ যাবৎ দেশে সুস্থও হয়েছেন ১১,৭০৭ জন। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়েছেন মোট ১০৭৪ জন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়েছেন ২৫৫৩ জন এবং মৃত্যু হয়েছে ৭২ জনের। দেশে অ্যাকটিভ কেসের সংখ্যা ২৯,৪৫৩।
উল্লেখ্য, গত কয়েক সপ্তাহে মহারাষ্ট্র, দিল্লি এবং গুজরাত ছাড়াও ক্রমশ কোভিড আক্রান্তের সংখ্যা বেড়েছে তামিলনাড়ু এবং মধ্যপ্রদেশে। পরিসংখ্যা অনুযায়ী, রবিবার সবচেয়ে বেশি কোভিড আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে দিল্লিতে। একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৪২৭ জন। সমীক্ষা অনুযায়ী, এ যাবৎ দৈনিক আক্রান্তের সংখ্যা একলাফে এতটা বৃদ্ধি পায়নি রাজধানী শহরে। রবিবার যাঁরা নতুন করে কোভিড সংক্রমণের শিকার হয়েছেন তাঁদের মধ্যে রয়েছেন ৬ জন ডাক্তার। এঁদের মধ্যে তিনজন হিন্দু রাও হাসপাতালের। বাকি তিনজন কস্তুরবা হাসপাতালের।
অন্যদিকে ভারতে করোনার প্রভাব শুরু হওয়ার প্রাথমিক পর্যায় থেকেই কোভিড আক্রান্ত এবং সংক্রমণে মৃতের সংখ্যা মহারাষ্ট্রেই সবচেয়ে বেশি। এশিয়ার বৃহত্তম বস্তি ধারাভিও রয়েছে এই রাজ্যেই। সেখানেও ক্রমশ ছড়িয়েছে সংক্রমণ। উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে করোনা আক্রান্ত এবং মৃতের সংখ্যা। পরিসংখ্যান অনুযায়ী, মহারাষ্ট্রে করোনাভাইরাসের গ্রাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাণিজ্যনগরী মুম্বই।
এখনও পর্যন্ত সাড়ে আট হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন মুম্বইয়ে। কোভিড সংক্রমণে মৃতের সংখ্যাও প্রায় সাড়ে তিনশ। এ যাবৎ মুম্বইতে কোভিড আক্রান্তের সংখ্যা মোট ৮৬১৩। মৃতের সংখ্যা ৩৪৩। এখনও পর্যন্ত মুম্বইতে সুস্থ হয়েছেন ১৮০৪ জন। এর পাশাপাশি ধারাভিতে নতুন করে ৯৪ জনের শরীরে করোনা সংক্রমণের নমুনা পাওয়া গিয়েছে। এশিয়ার বৃহত্তম বস্তিতে এখন করোনা আক্রান্তের সংখ্যা মোট ৫৯০।