দ্য ওয়াল ব্যুরো: ফের একবার দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ দিতে হল শ্রমিকদের। মহারাষ্ট্রে ট্রাক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ১৫ শ্রমিকের। আহত আরও পাঁচ। মৃতদের মধ্যে শিশুও রয়েছে।
রবিবার রাতে মহারাষ্ট্রের জলগাঁও জেলার জাওয়াল তালুকের কিনগাঁও গ্রামের কাছে উল্টে যায় শ্রমিক বোঝাই একটি ট্রাক। তাতেই ১৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মৃতদের মধ্যে ৭ জন পুরুষ, ৬ জন মহিলা ও দু’জন শিশু বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, মৃতরা সবাই আভোদা, কেরহালা ও রাভার জেলার বাসিন্দা। একটি পেঁপে বোঝাই ট্রাকে করে যাচ্ছিলেন তাঁরা। কিনগাঁও জেলায় একটি মন্দিরের কাছে উল্টে যায় ট্রাকটি। তাতেই ১৫ জনের মৃত্যু হয়। সঙ্গে সঙ্গে গ্রামবাসীরা খবর দেন পুলিশে। তারা গিয়ে ৫ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
এই ঘটনার পরে ট্রাকের চালককে গ্রেফতার করেছে পুলিশ। কী কারণে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।
এর আগে রবিবার ভোরে অন্ধ্রপ্রদেশের কুর্নুলে ভেলদুর্তি মণ্ডলের মাদারপুর গ্রামের কাছে ৪৪ নম্বর জাতীয় সড়কের উপরে একটি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে ১৪ জনের মৃত্যু হয় ও চারজন আহত হয়। আহতরা সবাই শিশু বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে খাদে পড়ে যায় একটি ট্যুরিস্ট বাস। দুর্ঘটনার পরে মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের অফিস থেকে বলা হয়, বাসটিকে ১৮ জন ছিলেন। ঘটনাস্থলেই চারজনে মৃত্যু হয়েছে। বাকিদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত কয়েক দিনের মধ্যে এই নিয়ে তিনটি বড় পথ দুর্ঘটনা ঘটল।