দ্য ওয়াল ব্যুরো : উসেইন বোল্ট ৯.৫৮ সেকেন্ডে দৌড়েছিলেন ১০০ মিটার। সেটাই এখনও অবধি বিশ্বরেকর্ড। সারা বিশ্ব সম্মান করে বোল্টের এই কৃতিত্বকে। অথচ খালি পায়ে, পিচের রাস্তায় ১১ সেকেন্ডে ১০০ মিটার দৌড়ে তাক লাগিয়ে দিয়েছেন মধ্যপ্রদেশের শিবপুরীর যুবক রামেশ্বর গুর্জর। অবস্থা এমনই তাঁকে ডেকে পাঠিয়েছেন মধ্যপ্রদেশের ক্রীড়ামন্ত্রী। সাহায্যের হাত বাড়িয়েছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজুও।
সম্প্রতি রামশ্বরের দৌড়ের একটা ভিডিয়ো কেউ প্রকাশ করেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যায়, খালি পায়ে, পিচের রাস্তায় দৌড়চ্ছেন তিনি। ওই অবস্থাতেই মাত্র ১১ সেকেন্ডে ১০০ মিটার দৌড়ন রামেশ্বর। তাঁর পিছনে যে মোটরবাইক থেকে ভিডিয়ো করা হয়েছে, তাকেও বেশ জোরে চালাতে হচ্ছিল।
https://twitter.com/ChouhanShivraj/status/1162416398867423232?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1162416398867423232&ref_url=https%3A%2F%2Fwww.ndtv.com%2Findia-news%2Fmadhya-pradesh-man-runs-100-meters-in-11-seconds-gets-government-support-2086938
এই ভিডিয়ো কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজুকে ট্যাগ করে রিটুইট করেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। ক্রীড়ামন্ত্রীর কাছে সাহায্যের আবেদন জানান তিনি। সঙ্গে সঙ্গে রিজিজু উত্তর দিয়ে বলেন, "কাউকে বলুন, ওকে আমার কাছে নিয়ে আসতে। আমি একটা অ্যাকাডেমিতে ভর্তি করে দেব ওকে। সব রকম সুযোগ সুবিধা দেওয়া হবে ওকে।
এই ভিডিয়ো দেখার পর মধ্যপ্রদেশের ক্রীড়ামন্ত্রী জীতু পাটওয়ারি ভোপালের টিটি নগর স্টেডিয়ামে ডেকে পাঠান রামেশ্বরকে। তিনি বলেন, "আমি ওর দৌড়ের ভিডিয়ো দেখেছি। ও আমাদের দেশের সম্পদ হতে পারে। তবে ওকে ঠিকমতো গাইড করতে হবে। ওকে এখন ভোপালে রাখা হয়েছে। সেখানে রাজ্যস্তরের কোচেরা ওকে দেখবে। ভবিষ্যতে আরও ভালো কোচের অধীনে ওকে রাখা হবে। ওর সব রকম দেখভাল করা হবে।"
ক্রীড়ামন্ত্রীর ফোন পাওয়ার ব্যাপারে রামেশ্বর জানান, "আমি আমার মহিষের খোঁজ করতে বেরিয়েছিলাম, যখন ক্রীড়ামন্ত্রীর ফোন আসে। আমি টিভিতে উসেইন বোল্টের দৌড় দেখেছি। আমি খালি ভাবতাম, কেন ভারতীয়রা ওই রেকর্ড ভাঙতে পারবে না। আমি যদি ঠিকমতো কোচিং ও সুযোগ সুবিধা পাই, তাহলে বোল্টের রেকর্ড ভাঙার ব্যাপারেও আশাবাদী আমি।"