দ্য ওয়াল ব্যুরো: বাজেট মিটতেই ফের বাড়ল রান্নার গ্যাসের দাম। তার ফলে ফের ধাক্কা লাগল মধ্যবিত্তের পকেটে। ভর্তুকিহীন সিলিন্ডারের দাম বেড়েছে ২৫ টাকা করে। অর্থাৎ এবার থেকে কলকাতায় ভর্তুকিহীন সিলিন্ডারের দাম হল ৭৪৫ টাকা।
শুধু কলকাতা নয়, দেশের সব মেট্রোপলিটন শহরগুলিতেই এক লাফে বেড়ে গিয়েছে রান্নার গ্যাসের দাম। যেমন দিল্লি ও মুম্বইয়ে ভর্তুকিহীন ১৪.২ কেজি ওজনের সিলিন্ডারের নয়া দাম হয়েছে ৭১৯ টাকা। অন্যদিকে চেন্নাইয়ে দাম হয়েছে ৭৩৫ টাকা। অর্থাৎ চারটি মেট্রোপলিটন শহরের মধ্যে বর্তমানে ভর্তুকিহীন সিলিন্ডারের দাম সবথেকে বেশি কলকাতায়।
সাধারণত আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ও গ্যাসের দামের উপরেই নির্ভর করে ভারতে এলপিজি গ্যাসের দাম কী হবে। অপরিশোধিত তেলের দাম বেড়েছে। ভারতে যে চারটি রাষ্ট্রায়ত্ত সংস্থা তেল ও গ্যাসের দাম নির্ধারণ করে তারা হল ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম, হিন্দুস্তান পেট্রোলিয়াম ও অয়েল ইন্ডিয়া লিমিটেড। তারা মূলত ডলারের সঙ্গে টাকার বিনিময় মূল্য হিসেব করে তেল ও গ্যাসের দাম নির্ধারণ করে। অর্থাৎ ডলারের হিসেবে টাকার মূল্য কমলে গ্যাস ও তেলের দামও বাড়ে। বৃহস্পতিবার এই সব হিসেব করেই বাড়ানো হয়েছে রান্নার গ্যাসের দাম।
এমনিতেই পেট্রোল, ডিজেলের দাম প্রায় প্রতিদিনই বাড়ছে। কোথাও তো পেট্রোল সেঞ্চুরি ছুঁয়েছে। তার ফলে এমনিতেই মধ্যবিত্তের পকেটে টান পড়ছে। তার উপর বাজেটে কিছু নিত্যপ্রয়োজনীয় দ্রব্যেরও দাম বেড়েছে। তারপরে এবার রান্নার গ্যাসেরও দাম বাড়ায় চাপ বেড়েছে মধ্যবিত্তের হেঁশেলে।