দ্য ওয়াল ব্যুরো: বিস্ফোরক অভিযোগ করলেন ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ইসরোর বাঙালি বিজ্ঞানী তপন মিশ্র। তাঁর অভিযোগ, তিন বছর আগে তাঁকে বিষ খাওয়ানো হয়েছিল। বেঙ্গালুরুতে ইসরোর হেডকোয়ার্টারে একটি প্রোমোশনাল ইভেন্ট চলাকালীন খাবারের সঙ্গে মিশিয়ে বিষ দেওয়া হয়েছিল তাঁকে।
মঙ্গলবার একটি ফেসবুক পোস্টে এই দাবি করেন তপন মিশ্র। তিনি বলেন, ২০১৭ সালের ২৩ মে বেঙ্গালুরুতে একটি ইভেন্ট চলাকালীন লাঞ্চের পরে স্ন্যাক্সের সময় ধোসা, চাটনির সঙ্গে মিশিয়ে আর্সেনিক ট্রায়োক্সাইড দেওয়া হয়েছিল তাঁকে। এই বিষ সাংঘাতিক। কিন্তু পরিমাণে কম দেওয়া হয়েছিল তাঁকে। ফলে সঙ্গে সঙ্গে তাঁর শরীরে প্রভাব পড়েনি।
যে ফেসবুক পোস্টে এই কথা তিনি বলেছেন তাঁর শিরোনাম ‘লং কেপ্ট সিক্রেট’ অর্থাৎ ‘বহুদিন ধরে লুকিয়ে রাখা গোপন কথা’। সেই পোস্টে তিনি বলেন, ওই বিষ শরীরে যাওয়ার পর থেকে বেশ কিছুদিন শরীরে সমস্যা দেখা যায়। তার মধ্যে অন্যতম ছিল মাথা ব্যথা, শ্বাসকষ্ট হওয়া, ত্বকে র্যাশ বের হওয়া, জ্বালাপোড়া করা, ফাঙ্গাল ডিজিজ প্রভৃতি।
তপন মিশ্র দাবি করেছেন, ২০১৭ সালের জুলাই মাসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নিরাপত্তার দায়িত্বে থাকা এক আধিকারিক তাঁর সঙ্গে দেখা করে তাঁকে জানান, তাঁর শরীরে বিষ প্রয়োগ করা হয়েছে। তারপরে তিনিই চিকিৎসকদের বলেন, তাড়াতাড়ি তাঁকে সুস্থ করে তুলতে।
এই মুহূর্তে ইসরোর সিনিয়র অ্যাডভাইজারের পদে রয়েছেন তপন মিশ্র। এর আগে তিনি ইসরোর আহমেদাবাদের রিসার্চ সেন্টারের দায়িত্বে ছিলেন। এই মাসের শেষেই স্বেচ্ছাবসর নেওয়ার কথা তাঁর। তার আগেই এই ধরনের বিস্ফোরক অভিযোগ করলেন তিনি।
নিজের বক্তব্যের সমর্থনে দিল্লির এইমসের একটি মেডিক্যাল রিপোর্টও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিজ্ঞানী। সেখানে দেখা যাচ্ছে এইমসে আর্সেনিক টক্সিকেশনের চিকিৎসা হয়েছিল তাঁর।
তপন মিশ্রর অভিযোগ, কোনও গুপ্তচর তাঁকে খুন করতে চেয়েছিল। তিনি দেশের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রোগ্রামের সঙ্গে যুক্ত ছিলেন। সিন্থেটিক অ্যাপারচার র্যাডারের মতো অত্যাধুনিক সরঞ্জাম বানাতে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই সব সরঞ্জামের দেশের সুরক্ষায় বড় ভূমিকা ছিল। তাই তাঁকে সরিয়ে দেওয়ার জন্যই এই হামলা চালানো হয়েছিল।
সংবাদসংস্থা পিটিআইকে বিজ্ঞানী জানিয়েছেন, তিনি চান ভারত সরকার এই ঘটনার তদন্ত করুক। নইলে আগামী দিনে অন্য কোনও বিজ্ঞানীও এই সমস্যার সম্মুখীন হতে পারেন বলেই তাঁর ধারণা। যদিও এই অভিযোগের পরে এখনও পর্যন্ত ইসরোর তরফে কোনও মন্তব্য করা হয়নি।