দ্য ওয়াল ব্যুরো: রামন্দিরের ভূমিপুজোয় দুই বর্ষীয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী ও মুরলী মনোহর যোশীকে আমন্ত্রণ জানানো নিয়ে জল্পনা দেখা দিয়েছিল। প্রথমে শোনা যায়, অযোধ্যার এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে না রামমন্দির আন্দোলনের সঙ্গে যুক্ত এই দুই বর্ষীয়ান নেতাকে। তারপরে রামমন্দির ট্রাস্ট জানায়, অন্যান্য অতিথিদের মতোই ফোনে আমন্ত্রণ জানানো হবে তাঁদের। তার ২৪ ঘণ্টার মধ্যে জানা গেল, অযোধ্যার অনুষ্ঠানে যাবেন না তাঁরা। ভিডিও কনফারেন্সে ভূমিপুজোয় যোগ দেবেন আডবাণী ও যোশী।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, শনিবার রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট ফোন করে আমন্ত্রণ জানায় ন’য়ের দশকে রামমন্দির আন্দোলনের পুরোধা লালকৃষ্ণ আডবাণীকে। যোশীকেও ফোনেই আমন্ত্রণ জানান ট্রাস্টের পক্ষ থেকে সকলকে আমন্ত্রণ জানানোর দায়িত্বে থাকা চম্পত রাই। সুপ্রিম কোর্টের নির্দেশে এই ট্রাস্ট গঠিত হয়েছে। তারপরেই দুই নেতার তরফে জানানো হয়েছে, তাঁরা এই অবস্থায় অযোধ্যায় যেতে পারবেন না। তার জায়গায় বাড়ি থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেবেন তাঁরা। কিন্তু কেন তাঁরা এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না তা বিস্তারিত ভাবে জানাননি তাঁরা।
আগামী ৫ অগস্ট অযোধ্যার রামমন্দিরের ভূমিপুজোতে আমন্ত্রণ জানানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু কল্যাণ সিং, উমা ভারতী- সহ মোট ৫০ জন ভিআইপিকে। শনিবার প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী উমা ভারতী ও উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিং জানান, ১৯৯২ সালের ৬ ডিসেম্বর যা ঘটেছিল, তার জন্য তাঁরা আদৌ অনুতপ্ত নন। ওই দিন করসেবকরা বাবরি মসজিদ ধ্বংস করেছিল। উমা ভারতী ও কল্যাণ সিং জানিয়েছেন, তাঁরা ভূমিপূজোর অনুষ্ঠানে যাবেন।
গত সপ্তাহে লখনউয়ে বিশেষ সিবিআই আদালতে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে অযোধ্যায় মসজিদ ধ্বংসের মামলার শুনানি হয়। ৯২ বছরের আডবাণী সেদিন সাড়ে চার ঘণ্টা ধরে ১ হাজারের বেশি প্রশ্নের জবাব দেন। তাঁর কৌঁসুলি জানান, প্রবীণ নেতা সব অভিযোগ অস্বীকার করেছেন।
বিশেষ সিবিআই আদালতে যোশীর বয়ানও রেকর্ড করা হয়। তিনি বলেন, যাঁরা তাঁর বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন, তাঁদের রাজনৈতিক উদ্দেশ্য ছিল। তাঁর বিরুদ্ধে সব অভিযোগই মিথ্যা। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী উমা ভারতী বলেন, আদালত কী রায় দিল তাতে তাঁর কিছু যায় আসে না। তাঁর কথায়, “আমাকে কোর্টে ডেকে পাঠানো হয়েছিল। যা সত্যি, সেকথাই আমি বলেছি। বিচারক কী রায় দিলেন, তাতে আমার কিছু যায় আসে না।”