দ্য ওয়াল ব্যুরো: ফের একবার শিরোনামে বিহার। পড়শি রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে উঠেছে প্রশ্ন। প্রকাশ্য রাস্তায় গুলি করা হয়েছে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ভাইকে। আশঙ্কাজনক অবস্থায় এই মুহূর্তে হাসপাতালে ভর্তি তিনি।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, শনিবার বিকেলে সহর্ষর বৈজনাথপুর চকে দুষ্কৃতীরা গুলি মারে সুশান্তের তুতো ভাই রাজকুমার সিংকে। গুলি করা হয় তাঁর এক সহযোগী আলি হাসানকেও। জানা গিয়েছে, সেই সময় মাধেপুরাতে নিজের দোকান খুলতে যাচ্ছিলেন রাজকুমার। বৈজনাথপুর চকে একটি মোটরবাইকে করে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা এসে গুলি চালাতে শুরু করে। তখনই গুলিবিদ্ধ হন তাঁরা।
সূত্রের খবর, গুলি মারার পরেই বাইকে করে সেখান থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা। প্রথমে এই ঘটনায় খানিকটা চমকে গেলেও সেখানে উপস্থিত জনতা গুলিবিদ্ধ রাজকুমার ও হাসানকে হাসপাতালে নিয়ে যান। সেখানেই ভর্তি তাঁরা। দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। হাসপাতালে গিয়ে রাজকুমারের পরিবারের সঙ্গেও দেখা করে তারা। এই ঘটনার পরে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে থানায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
মাধেপুরাতে রাজকুমারের নিজের মোটর বাইকের শোরুম রয়েছে। প্রতিদিনই বিকেলে দোকানে যেতেন রাজকুমার। তাঁর ভাই জানিয়েছেন, শনিবার বিকেলে একটি বাইকে করে তিনজন দুষ্কৃতী এসে গুলি করে রাজকুমারকে। দুষ্কৃতীরা আগে থেকেই সব পরিকল্পনা করে রেখেছিল বলে অভিযোগ তাঁর।
সদর সহর্ষর এসডিপিও সন্তোষ কুমার জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। ব্যক্তিগত কিংবা ব্যবসা সংক্রান্ত শত্রুতার কারণে এই হামলা হয়েছে বলে প্রাথমিক ভাবে মনে হচ্ছে। অবশ্য এর বাইরে অন্য কোনও কারণও থাকতে পারে। বেশ কয়েকজন সন্দেহভাজনের তালিকা তৈরি করা হয়েছে। এখনও পর্যন্ত অবশ্য কাউকে গ্রেফতার করা হয়নি। দিন-দুপুরে প্রকাশ্যে এই হামলার ঘটনায় ফের সমালোচনা শুরু হয়েছে বিহারের আইনশৃঙ্খলা নিয়ে। নীতীশ কুমার সরকারের দিকে আঙুল তুলছে বিরোধীরা।