দ্য ওয়াল ব্যুরো: কাজের আশায় অন্য রাজ্যে যাওয়ার জন্য স্টেশনে ভিড় জমিয়েছেন শ্রমিকরা। পুরুষ, মহিলা, শিশু, কে নেই সেই ভিড়ে। মানা হচ্ছে না কোনও সামাজিক দূরত্ব। প্রশাসনও কার্যত ঠুঁটো জগন্নাথ হয়ে রয়েছে। এই পরিস্থিতির ছবি বাইরে আসতেই দায় এড়ালেন সাংসদ।
ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আলিগড় রেল স্টেশনে। মঙ্গলবার সেখান থেকে বিহারের উদ্দেশে ট্রেন ধরতে আসেন অসংখ্য শ্রমিক। বিহারের ইঁট ভাটায় কাজের জন্য যাবেন তাঁরা। তাই আলিগড় ও তার আশেপাশের এলাকা থেকে শ্রমিকরা জড়ো হয়েছেন স্টেশনে। আর সেখানেই মানা হচ্ছে না সামাজিক দূরত্ব।
এই অবস্থার বেশ কিছু ভিডিও প্রকাশ হয় সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা যাচ্ছে, পরিবার নিয়ে শ্রমিকরা জড়ো হয়েছেন। ধীরে ধীরে স্টেশনের মধ্যে তাঁরা ঢুকছেন। এর একটি ভিডিওতে দেখা যাচ্ছে স্টেশনের বাইরেই মাটিতে বসে রয়েছেন শ্রমিকরা। কিন্তু কোথাও সামাজিক দূরত্ব মানা হচ্ছে না।
আর একটি ভিডিওতে দেখা যাচ্ছে, একদল পুলিশকর্মী স্টেশনের ভিতরে শ্রমিকদের ঠিকভাবে দাঁড় করাচ্ছেন। কিন্তু সেখানেও একে অন্যের গায়ের উপর সবাই দাঁড়িয়ে রয়েছেন। এই ধরনের জমায়েতে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।
যদিও এই ঘটনার বিষয়ে জিজ্ঞাসা করলে পার্শ্ববর্তী হাথরাস জেলার বিজেপি সাংসদ রাজবীর দিলের তার দায় এড়ান। তিনি বিহারগামী এই ট্রেনকে সবুজ পতাকা দেখানোর জন্য স্টেশনে গিয়েছিলেন। সাংসদ বলেন, “যখন জায়গার থেকে মানুষের সংখ্যা অনেক বেশি হয়, তখন আর কিছু করার থাকে না। আমরা পরিস্থিতি সমালানোর চেষ্টা করছিলাম।”
এই প্রসঙ্গে কুলদেব সিং নামের এক সরকারি আধিকারিক বলেন, “তিনটি ট্রেনই বিহারের গয়া যাচ্ছিল। আমরা সামাজিক দূরত্ব বজায় রাখার চেষ্টা করছিলাম। কিন্তু শ্রমিকদের কাছে এত মালপত্র ও বাচ্চা ছিল যে তা সম্ভব হচ্ছিল না। ট্রেনগুলিকে ঠিকভাবে স্যানিটাইজও করা হয়েছে।”