দ্য ওয়াল ব্যুরো: সকাল হলেই তার গন্তব্য হতো বিমানবন্দর। কোনও দিন মুম্বই, কোনও দিন দিল্লি তো কোনও দিন চেন্নাই। অপারেশন শেষ করে ফের সন্ধের বিমানে বেঙ্গালুরু ফেরা।
মুনমুন হুসেন। আসলে কলকাতার মহিলা। গত কয়েক বছর ধরে থাকত বেঙ্গালুরুতে। একটি বারে গান গাইত। তারপর সেখান থেকে যুক্ত হয়ে পড়ে চুরির পেশায়। যেমন তেমন চুরি নয়। একেবারে হাইপ্রোফাইল চুরি।
দেশের বিভন্ন শহরের শপিং মল, গয়নার শোরুমে গিয়ে অর্থশালী ব্যক্তিদের সঙ্গে প্রথমে খোশগল্প জুড়তেন। তারপরেই কথায় কথায় কাজ হাসিল। টের পাওয়ার আগেই ওই জায়গা ছেড়ে দিত মুনমুন।
গত বছর মুম্বই পুলিশে এক মহিলা তাঁর গয়না চুরি যাওয়ার অভিযোগ করেন। হাই স্ট্রিট ফিনিক্স মলের জারা শোরুমের বিল কাউন্টার থেকে তাঁর ব্যাগ চুরি যায়। তাতে ফোন, সোনার গয়না ও ১৪.৯০ লক্ষ নগদ টাকা ছিল।
সিসিটিভি ফুটেজে পুলিশ দেখে, অভিযোগকারিণী বিল দেওয়ার জন্য ব্যাগটি মাটিতে নামিয়ে রেখেছিলেন, সেটি তুলে নিয়ে হেঁটে যাচ্ছে মুনমুন। তদন্তে নেমে পুলিশ দেখে, ২০১৮-তেও নভি মুম্বইয়ের অন্য একটি জারা আউটলেট এবং শিবাজি পার্কের একটি ল্যাকমে বিউটি পার্লারে এমনই অপরাধ ঘটেছে। ঘটিয়েছেন একই ব্যক্তি।
তারপরই তদন্তে নামে মুম্বই পুলিশ। শেষমেশ বেঙ্গালুরু থেকে গ্রেফতার করা হয়েছে মুনমুনকে বাজেয়াপ্ত করা হয়েছে প্রচুর গয়না, নগদ টাকা ও বেশ কয়েকটি মোবইল ফোন। পুলিশ এখন খতিয়ে দেখছে, এই মহিলা একাই এই কাজ করত নাকি এর পিছনে বড় চক্র রয়েছে।