ক্রীড়ামন্ত্রী নিজেই যেন খেলোয়াড়, হাফ মাঠ থেকে বল ছুড়ে দিচ্ছেন বাস্কেটে, দেখুন ভিডিও
দ্য ওয়াল ব্যুরো : প্রায় ২০ গজ দূর থেকে বাস্কেটের দিকে ছুড়ে দিলেন বলটা। একেবারে অব্যর্থ নিশানা। বাস্কেটে বল পড়তেই শিশুর মতো দু'হাত তুলে লাফিয়ে উঠলেন। দেশের ক্রীড়ামন্ত্রীর জায়গায় তিনি তখন একজন খেলা পাগল মানুষ। শেষ কবে এতটা ফিট ক্রীড়ামন্ত্রীকে
শেষ আপডেট: 25 September 2019 06:19
দ্য ওয়াল ব্যুরো : প্রায় ২০ গজ দূর থেকে বাস্কেটের দিকে ছুড়ে দিলেন বলটা। একেবারে অব্যর্থ নিশানা। বাস্কেটে বল পড়তেই শিশুর মতো দু'হাত তুলে লাফিয়ে উঠলেন। দেশের ক্রীড়ামন্ত্রীর জায়গায় তিনি তখন একজন খেলা পাগল মানুষ। শেষ কবে এতটা ফিট ক্রীড়ামন্ত্রীকে দেখা গিয়েছিল, তা মনে করতে পারছেন না নেটিজেনরা। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিও। আর এই খেলার মধ্যে দিয়েই এক সচেতনতার বার্তা দেওয়ার চেষ্টা করলেন কিরেন রিজিজু।
সম্প্রতি নিজের টুইটার হ্যান্ডেলে একটা ভিডিও প্রকাশ করেছেন কিরেন। সেখানে তাঁর বাস্কেটবল খেলার একটা ভিডিও আছে। তাতে দেখা যাচ্ছে নিখুঁতভাবে বাস্কেটে বল ফেলছেন তিনি। এই ভিডিওর ক্যাপশনে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী লিখেছেন, "অরুণাচলের কিক বক্সিং টি-শার্টের প্রোমোশন করছি ( তিনি যে টি শার্টটি পরে ছিলেন, সেখানে এই বিজ্ঞাপন ছিল )। ভুলবেন না, ২ অক্টোবর গান্ধী জয়ন্তীর দিন যখনই দৌড়বেন রাস্তা থেকে প্লাস্টিক ও ময়লা তুলে সঠিক জায়গায় ফেলে দেবেন। এই ফিট ইন্ডিয়া মুভমেন্টকে সবার মুভমেন্ট বানাতে হবে। তবেই আমরা স্বচ্ছ ভারত বানাতে পারব।"
https://twitter.com/KirenRijiju/status/1176717842000932865
প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ করা নিয়ে বেশ কিছুদিন থেকেই নিজেদের মনোভাব স্পষ্ট করে দিয়েছে কেন্দ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, যত তাড়াতাড়ি সম্ভব প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে হবে। এই নিয়ে আলোচনাও চলছে বিভিন্ন মহলে। গঠন করা হয়েছে কমিটি। কিন্তু সরকার জানে, যতই কড়াকড়ি করা হোক না কেন, সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতে না পারলে দীর্ঘমেয়াদী ফল পাওয়া যাবে না। আর তাই নিজের মতো করে পরিবেশ রক্ষার ডাক দিলেন ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু।