দ্য ওয়াল ব্যুরো: বদ্রীনাথের পর এ বার কেদারনাথ ধামেও চালু হল পুজো দেওয়ার অনলাইন বুকিং পরিষেবা। বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটির পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে। মন্দির কমিটির সভাপতি মোহনপ্রসাদ থাপলিয়াল বলেন, “কেদারনাথ মন্দিরে পুজো দেওয়ার জন্য অনলাইন বুকিং পরিষেবা চালু করা হয়েছে।” তিনি আরও বলেন, “প্রতিদিন যে ভাবে পুজো দেওয়ার ভিড় বাড়ছিল, তাতে এ ছাড়া আর অন্য কোনও পথ নেই।”
কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে জাতীয় তথ্যকেন্দ্রের প্রতিনিধিদল গোটা ব্যাপারটা দেখভাল করছে। মন্দিরের যে ওয়েবসাইট রয়েছে, তাতেও বদল আনা হয়েছে।
জাতীয় তথ্য কেন্দ্রের এক প্রতিনিধিদল শুক্রবার মন্দির পরিদর্শনে গিয়েছিল। মন্দির কমিটির মিডিয়া ইনচার্জ হরিশ গৌর বলেন, “সঞ্জয় চামোলির নেতৃত্বে টেকনিক্যাল বিশেষজ্ঞদের একটি টিম গোটা প্রক্রিয়ার নেতৃত্ব দিয়েছেন। শুক্রবার ওয়েবসাইট আপডেটের কাজ শেষ হয়েছে। এ বার থেকে পুজো দেওয়ার জন্য আগাম অনলাইন বুক করতে পারবেন তীর্থযাত্রীরা।”
২০১৩-র মেঘ ভাঙা বৃষ্টিতে বিধ্বস্ত হয়ে গিয়েছিল কেদারনাথ মন্দির। তারপর আস্তে আস্তে নতুন করে গড়ে উঠেছে। এ বছর রেকর্ড ভিড় হয়েছে মন্দিরে। প্রায় সাড়ে ৯ লক্ষ মানুষ পুজো দিয়েছেন। বদ্রিনাথ মন্দিরে তীর্থযাত্রীর সংখ্যাটা আরও একলক্ষ বেশি। মন্দির কমিটির বক্তব্য প্রতিবছর সংখ্যা বাড়ছে। সুষ্ঠু ব্যবস্থা জারি রাখতেই গোটা ব্যাপারটাকে অনলাইন সিস্টেমের মধ্যে নিয়ে যাওয়া হল।