দ্য ওয়াল ব্যুরো: ফের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গুলি চালাল পাকিস্তান সেনা। সীমান্ত রেখা বরাবর পাক সেনার ভারী গুলিবর্ষণে এক ভারতীয় সেনা জওয়ান শহিদ হয়েছেন বলে খবর। এছাড়া আরও তিনজন জওয়ান আহত হয়েছেন বলে জানা গিয়েছে।
সেনা সূত্রে খবর, শনিবার গভীর রাত থেকে জম্মু কাশ্মীরের পুঞ্চ জেলার শাহপুর - কেরনি এলাকায় ভারী গুলিবর্ষণ শুরু করে পাক সেনা। মর্টার ছোড়া শুরু হয়। এছাড়া একে ৪৭, একে ৫৬ ও এমএমজি রাইফেল থেকে গুলি চালায় পাক সেনা। প্রথমে আচমকা এই গুলিতে কিছুটা হতভম্ব হয়ে যায় ভারতীয় সেনা। কিছুটা সামলে নিয়ে জবাব দেওয়া শুরু করে ভারতীয় সেনা।
পাক সেনার গুলিতে চার ভারতীয় জওয়ান আহত হন। সবাইকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই পরে একজনের মৃত্যু হয়। বাকিরা এখনও হাসপাতালে চিকিৎসাধীন।
গত এক মাসে জম্মু কাশ্মীরের পুঞ্চ ও রাজৌরি জেলায় এই নিয়ে পাক সেনার গুলিতে তিনজন নিহত হয়েছেন। গত ৪ জুন রাজৌরি জেলার সুন্দেরবনি সেক্টরে পাক সেনার গুলিতে হাবিলদার পি মাথিয়াঝাগান নিহত হন। ১০ জুন প্রাণ হারান নায়েক গুরচরণ সিং। তারপর এদিন আরও এক সেনা আধিকারিকের মৃত্যু হল।
এর আগে শুক্রবার বারামুল্লা জেলার উরি সেক্টরে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গুলি চালায় পাক সেনা। এই গুলিতে এক মহিলার মৃত্যু হয়। আরও একজন আহত হন। ভারতের তরফেও জবাব দেওয়া হয়। তাতে দুই পাক সেনা নিহত হয়েছে বলে খবর।
গত এক সপ্তাহে নিরাপত্তাবাহিনীর সঙ্গে লড়াইয়ে ১৬ জঙ্গি খতম হয়েছে উপত্যকায়। ১৬ জনই স্থানীয় জঙ্গি বলেই জানা গিয়েছে। পাকিস্তান থেকে প্রশিক্ষণ নেওয়ার পরে তারা জম্মু কাশ্মীরে এসে নাশকতার ছক কষছিল। কিন্তু গোপন সূত্রে খবর পেয়ে তা বানচাল করে সেনা ও পুলিশের যৌথবাহিনী।