দ্য ওয়াল ব্যুরো: করোনাকে বিশ্বজোড়া মহামারী ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’। মৃত্যু বাড়ছে লাফিয়ে লাফিয়ে। ভারতেও আক্রান্তের সংখ্যা ১০০ পেরিয়েছে। এই পরিস্থিতিতে দেশের সমস্ত আইআইআটি আগামী ৩১ মার্চ পর্যন্ত ক্লাস বন্ধের নোটিস দিয়েছে। বাতিল করেছে পরীক্ষাও। সেই আনন্দ যেন ধরে রাখতে পারলেন না আইআইটির পড়ুয়ারা। আতঙ্কের মধ্যেও ফেটে পড়লেন উল্লাসে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে উদ্দাম নেচে ‘করোনা ছুটি’ সেলিব্রেট করছেন দিল্লি আইআইটির পড়ুয়ারা। একজন স্লোগান দিচ্ছেন, ‘জয় করোনা।’ বাকিরা গলা মেলাচ্ছেন তাঁর সঙ্গে।
https://twitter.com/raksha_ag297/status/1238169752142397442
ভিডিও দেখলে বোঝাই যাবে না করোনা যে এমন আতঙ্ক বয়ে এনেছে। ছুটিতে মশগুল পড়ুয়াদের সে কী আনন্দ। যদিও এই ভিডিও নিয়ে অনেকেই সমালোচনায় মুখর হয়েছেন। তাঁদের বক্তব্য, আইআইটির পড়ুয়া মানে দেশের সেরা মেধা। তাঁরা যদি এমন একটি স্পর্শকাতর ও গুরুতর বিষয় নিয়ে উল্লাস করেন তাহলে মোটেও সমাজের কাছে ভাল বার্তা যাবে না। যদিও ছাত্রদের অনেকে বলেছেন, কোনও নেতিবাচক মানসিকতা থেকে এই কাজ করা হয়নি।
এক একটা করে দিন যাচ্ছে, আর আক্রান্তের সংখ্যা বাড়ছে। গতকাল পর্যন্ত ভারতে আক্রান্তের সংখ্যা ছিল ৮৪। রবিবার সন্ধের সময় তা এসে দাঁড়িয়েছে ১০৭-এ। বেলুড়মঠে দীক্ষাদান বন্ধ, সার্ক ভুক্ত দেশগুলির সঙ্গে উদ্বেগজনক পরিস্থিতি নিয়ে ভিডিও কনফারেন্স করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, শ্যুটিং বন্ধ হয়ে গিয়েছে বলিউডে, শিকেয় উঠেছে পড়াশোনা-খেলাধুলা। এই পরিস্থিতিতেই ভাইরাল হল আইআইটি পড়ুয়াদের ‘জয় করোনা’ স্লোগানের সঙ্গে উদ্দাম নাচ।