সীমান্তে চিনের সঙ্গে সংঘাতের প্রেক্ষাপটে আজ থেকে সেনা কমান্ডারস কনফারেন্স শুরু হচ্ছে সাউথ ব্লকে
দ্য ওয়াল ব্যুরো: লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর চিনের সঙ্গে উত্তেজনা যখন চরমে, ঠিক সেই পরিস্থিতিতেই আজ বুধবার থেকে উচ্চ পর্যায়ের সেনা কমান্ডারস কনফারেন্স শুরু হচ্ছে দিল্লিতে।
আপাত ভাবে চলতি সীমান্ত উত্তেজনার সঙ্গে এই কমান্ডারস কনফারেন্
শেষ আপডেট: 27 May 2020 02:02
দ্য ওয়াল ব্যুরো: লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর চিনের সঙ্গে উত্তেজনা যখন চরমে, ঠিক সেই পরিস্থিতিতেই আজ বুধবার থেকে উচ্চ পর্যায়ের সেনা কমান্ডারস কনফারেন্স শুরু হচ্ছে দিল্লিতে।
আপাত ভাবে চলতি সীমান্ত উত্তেজনার সঙ্গে এই কমান্ডারস কনফারেন্সের প্রত্যক্ষ সম্পর্ক নেই। কারণ, বছরে দু’বার এমনিতেই সেনা কমান্ডারস কনফারেন্স হয় প্রতিরক্ষা মন্ত্রকের ওয়ার রুমে। যেখানে নিরাপত্তা সংক্রান্ত নতুন চ্যালেঞ্জ, তার মোকাবিলা, আধুনিকীকরণ, প্রশাসনিক সমস্যা ইত্যাদির ব্যাপারে সবিস্তার আলোচনা করেন শীর্ষ সেনা কর্তারা।
তবে সাউথ ব্লকের কর্তাদের মতে, চলতি পরিস্থিতির প্রসঙ্গ অবধারিত ভাবে ওই বৈঠকে উঠে আসবে বলেই মনে করা হচ্ছে। কারণ, চিনের সঙ্গে সীমান্তে নিরাপত্তা পরিস্থিতি ও তার থেকে উদ্ভূত চ্যালেঞ্জ নিয়ে নয়াদিল্লিকে ভাবতে হবে বইকি।
এ বছর সেনা কমান্ডারস কনফারেন্স এপ্রিল মাসে হওয়ার কথা ছিল। কিন্তু কোভিডের সংক্রমণের জন্য তা পিছিয়ে গিয়েছে।
সাউথ ব্লকে আজ থেকে শুক্রবার পর্যন্ত প্রথম পর্যায়ের এই কনফারেন্সে মূলত অপারেশনাল এবং অ্যাডমিনিস্ট্রেটিভ তথা প্রশাসনিক বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা। অপারেশনাল ইস্যুর মধ্যেই লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর পরিস্থিতি এবং ভারত পাক সীমান্তে নিয়ন্ত্রণ রেখা বরাবর পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে। সেই সঙ্গে উঠে আসতে পারে কাশ্মীরে সন্ত্রাসদমন কার্যকলাপের প্রসঙ্গ। সম্প্রতি এ ব্যাপারে বড় সাফল্য পেয়েছে নিরাপত্তা বাহিনী।
সাউথ ব্লক সূত্রের মতে, প্রতিরক্ষা সরঞ্জামের আমদানি ও ঘরোয়া উৎপাদনের ব্যাপারেও কমান্ডারস কনফারেন্সে আলোচনার কথা রয়েছে। এ মাসের গোড়াতেই সরকার ঘোষণা করেছে যথাসম্ভব প্রতিরক্ষা আমদানি কমাতে হবে। বরং ঘরোয়া উৎপাদনের উপর জোর দিয়েছে প্রধানমন্ত্রীর সচিবালয়। যদিও প্রতিরক্ষা মন্ত্রক ও সেনা কর্তাদের অনেকের মতে, কিছু অত্যাধুনিক সরঞ্জাম আমদানি করা ভিন্ন পথ নেই। দেশের উৎপাদন কবে হবে সে জন্য অপেক্ষা করে থাকা বুদ্ধিমত্তা হবে না।