দ্য ওয়াল ব্যুরো: বাবার তোলা ছবিকে হাতিয়ার করে এবার চিনা আগ্রাসন নিয়ে নরেন্দ্র মোদী সরকারের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিলেন ছেলে।
প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর লেন্সবন্দি করা প্যাংগং লেকের ছবি টুইট করে কংগ্রেস নেতা রাহুল গান্ধী লিখলেন, "চিনা আগ্রাসনের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ ভাবে দাঁড়াব। চিনারা কি আমাদের ভূখণ্ডের দখল নিয়েছে?"
সমুদ্রপৃষ্ঠ থেকে ১৪ হাজার ফুট উপরে এই প্যাংগং লেকের কাছেই প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় সংঘাত চলছে চিনের সঙ্গে। পিপলস লিবারেশন আর্মির সঙ্গে সংঘর্ষে এই এলাকাতেই ভারতের ২০ জন জওয়ান শহিদ হয়েছিলেন। এদিন প্যাংগং লেকের যে ছবি টুইট করেছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি, তাতে লেখা ছবি সৌজন্যে- রাজীব গান্ধী।
https://twitter.com/RahulGandhi/status/1275259004738957312?s=08
গত কয়েকদিন ধরেই একের পর এক প্রশ্ন তুলে চিন ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করছেন রাহুল। সর্বদলীয় বৈঠকে প্রধানমন্ত্রী মন্তব্য করেছিলেন, "কেউ আমাদের সীমানায় ঢোকেনি। আমাদের সেনা চৌকিও কেউ দখল করেনি।" তারপর থেকেই বিরোধী নেতারা একের পর এক প্রশ্ন তুলতে শুরু করেন। রাহুল গান্ধী প্রশ্ন তোলেন, কেউ যদি আমাদের সীমানায় নাই ঢোকে তাহলে আমদের সেনাদের প্রাণ গেল কী করে? প্রধানমন্ত্রীর ওই বক্তব্যের 'ড্যামেজ কন্ট্রোলে' নামতে হয় তাঁর সচিবালয়কে। একের পর এক টুইট করে প্রধানমন্ত্রীর বক্তব্যের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে পিএমও।
তারপর প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সমালোচনা করে ওয়ানাড়ের কংগ্রেস সাংসদ বলেন, "নরেন্দ্র মোদী এখন সারেন্ডার মোদী হয়ে গিয়েছেন।" অর্থাৎ বলতে চান, সীমান্তে চিনা ফৌজের সামনে আত্মসমর্পণ করছেন প্রধানমন্ত্রী।
চিনের সরকারি মুখপত্র গ্লোবাল টাইমস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যকে স্বাগত জানিয়েছে। তা ছাড়া চিনের অন্যান্য ও খবরের কাগজও ভারতের প্রধানমন্ত্রীর বক্তব্যকে ফলাও করে ছেপেছে। তাই নিয়েও প্রশ্ন তোলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। গতকাল টুইটে রাহুল লেখেন, "চিন আমাদের সেনাদের মেরেছে। আমাদের জমি দখলের চেষ্টা করেছে। তাহলে কেন এই সংঘাতের পরিস্থিতিতে চিন (পড়ুন চিনা সংবাদমাধ্যম) প্রধানমন্ত্রীর নামে ধন্য ধন্য করছে?"
শুধু রাহুল নন। ঘরোয়া রাজনীতিতে চিন ইস্যুতে মোদীকে চাপে রাখতে বিবৃতি দেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংও। মোদীর উদ্দেশে তিনি বলেন, "প্রধানমন্ত্রী যখন কিছু বলবেন বা বিবৃতি দেবেন তখন শব্দ চয়নের ব্যাপারে আরও সতর্ক হওয়া উচিত। মনমোহন আরও বলেন, মিথ্যা তথ্য দেওয়া কূটনীতি নয়। তা বলিষ্ঠ নেতৃত্বের কাজও নয়।" এদিন ফের একবার টুইট করলেন রাহুল। যাতে সরকারের উদ্দেশে প্রশ্নের সঙ্গেই জুড়ে রয়েছে রাজীবের আবেগ।