দ্য ওয়াল ব্যুরো: বলিউডের দুই কিংবদন্তী অভিনেতা নাসিরুদ্দিন শাহ ও অনুপম খেরের পারস্পরিক তোপ দাগাদাগির মধ্যে ঢুকে পড়লেন মিজোরামের প্রাক্তন রাজ্যপাল তথা প্রয়াত বিজেপি নেত্রী সুষমা স্বরাজের স্বামী স্বরাজ কৌশল। অনুপমকে ‘ক্লাউন’ বলা নিয়ে নাসিরের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন কৌশল।
টুইট করে নাসিরের উদ্দেশে কৌশল লেখেন, “এই দেশ আপনাকে নাম, সম্মান, অর্থ দিয়েছে। অন্য ধর্মের মহিলা আপনি বিয়ে করেছেন। কেউ একটা কথাও বলেনি। আপনার দাদা ভারতীয় সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল ছিলেন। আর কী সমান সুযোগ চাই আপনার?”
একটি সর্বভারতীয় নিউজ পোর্টালকে দেওয়া সাক্ষাৎকারে বিস্ফোরক মন্তব্য করেছিলেন নাসিরউদ্দিন। সংশোধিত নাগরিকত্ব আইনের স্বপক্ষে বলায় তীব্র আক্রমণ শানিয়েছিলেন অনুপম খেরের বিরুদ্ধে। বলেছিলেন, “ওঁর রক্তে চামচাগিরি আছে। ক্ষমতাবানদের পদলেহন করা ওঁর বহুদিনের অভ্যেস। এফটিআইয়াই-এ যাঁরা ওঁর সহকর্মী ছিলেন তাঁরা সবাই জানেন।” পাল্টা অনুপম খের বলেছেন, “নাসির নেশা করে ওইসব মন্তব্য করেছেন।”
https://twitter.com/governorswaraj/status/1220052448204574720
এর মধ্যেই সেই বিতর্কে নতুন করে অক্সিজেন দিলেন কৌশল। সরাসরি অনুপমের পাশে দাঁড়িয়েছেন প্রাক্তন রাজ্যপাল। বলেছেন, অনুপম খেরকে তিনি ৪৭ বছর ধরে চেনেন। নাসিরের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে তিনি লিখেছেন, “আপনার কী আছে যা অনুপমের মধ্যে নেই? আপনি নিজেকে ওঁর থেকে ভাল অভিনেতা মনে করেন। কিন্তু আপনার কোথাও ভুল হচ্ছে।”
এদিন অনুপমও নাসিরকে পাল্টা তোপ দেগে বলেছেন, “নাসিরউদ্দিন এর আগে দিলীপ কুমার, রাজেশ খান্না, অমিতাভ বচ্চনদের মতো অভিনেতাদের সমালোচনা করেছিলেন। এবার আমার করলেন। আমার গর্বই হচ্ছে!” এরপর তিনি বলেন, “কেউই ওঁর কথাকে সিরিয়াসলি নেন না। কারণ সবাই জানেন, নাসিরউদ্দিন সুস্থ মস্তিষ্কে এসব বলেননি।”