দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাস সংক্রমণের ফলে যে পরিস্থিতি তৈরি হয়েছে প্রতিদিন তার গুণগত বদল হচ্ছে। সমস্ত বিষয়ে দলের অবস্থান কী হবে তা ঠিক করার জন্য ১১ জনের কমিটি গড়ে দিলেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী। এই কমিটির নেতৃত্বে থাকবেন প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা মনমোহন সিং।
এই কমিটির অন্যান্য সদস্য হলেন রাহুল গান্ধী, রণদীপ সিং সুরজেওয়ালা, পি চিদম্বরম, কেসি বেনুগোপাল, মণীশ তিওয়ারি, জয়রাম রমেশ, প্রবীণ চক্রবর্তী, গৌরব বল্লভ, সুপ্রিয়া শ্রীনাতে এবং রোহন গুপ্ত।
একটি প্রেস রিলিজে বলা হয়েছে এই কমিটি প্রতিদিন নিজেদের মধ্যে ভার্চুয়াল বৈঠক করবে এবং দলের কী অবস্থান তা সোশ্যাল মিডিয়া ও সংবাদমাধ্যমে তুলে ধরবে। গত ২ এপ্রিল কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকও হয়েছিল ভিডিও কনফারেন্সের মাধ্যমে।
শুক্রবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। সেখানে তিনি বলেন, লকডাউন করে করোনা ভাইরাসকে হয়তো আটকে রাখা যায় কিন্ত শেষ করা যায় না। তাঁর কথায়, করোনা ভাইরাসকে প্রতিরোধ করতে হলে টেস্টই একমাত্র অস্ত্র।
প্রসঙ্গত করোনা নিয়ে যে অর্থনৈতিক বিপর্যয় শুরু হয়েছে তা নিয়ে কখনও পি চিদম্বরম টুইট করে তোপ দেগেছেন তো কখনও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে বলেছেন অর্থনৈতিক ভাবে দুর্বল অংশের পাশে দাঁড়াতে আরও প্যাকেজ দিক সরকার। দু'দিন আগে চিঠি দিয়ে মোদীর কাছে সনিয়া দাবি জানিয়েছিলেন সবাইকে সেপ্টেম্বর পর্যন্ত বিনামূল্যে খাদ্যশস্য দেওয়া হোক। পর্যবেক্ষকদের মতে রোজ যাতে মানুষের জন্য দাবি তোলা যায় এবং তা যাতে দলগত ভাবে হয় সে কারণেই এই কমিটি গড়লেন সনিয়া।