দ্য ওয়াল ব্যুরো : ভারতকে হুমকি দেওয়ার জন্য বুধবার রাতেই গজনভি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে পাকিস্তান। বৃহস্পতিবার সেদেশের প্রধানমন্ত্রী ইমরান খান পাকিস্তানের সাধারণ মানুষের উদ্দেশে আহ্বান জানালেন, কাশ্মীরিদের প্রতি সহানুভূতি জানাতে পথে নামুন। তিনি টুইট করে ওই আহ্বান জানিয়েছেন।
https://twitter.com/ImranKhanPTI/status/1167006859737411584
https://twitter.com/ImranKhanPTI/status/1167006864753733632
ইমরান বলেছেন, কাশ্মীরিদের উদ্দেশে আমাদের জোরালো বার্তা পাঠানো উচিত। বুঝিয়ে দেওয়া উচিত, আমরা তাদের পাশে আছি। তাই আমি প্রত্যেক পাকিস্তানির কাছে আবেদন জানাচ্ছি, শুক্রবার আধঘণ্টার জন্য সব কাজ থামিয়ে দিন। তারপর পথে বেরিয়ে এসে কাশ্মীরিদের প্রতি সমর্থন জানান।
আর একটি টুইটে তিনি লিখেছেন, ভারত বেআইনিভাবে কাশ্মীরকে দখল করে রেখেছে। সেখানে মোদী সরকার এথেনিক ক্লিনসিং চালাচ্ছে। রোজ বহু কাশ্মীরি হতাহত হচ্ছেন। নারী ও শিশুরা বাদ যাচ্ছে না। জেনিভা কনভেনশন অনুযায়ী কোনও জায়গার জনবিন্যাস বদলাতে যাওয়া যুদ্ধাপরাধ বলে গণ্য করা হয়।
আর একটি টুইটে পাকিস্তানের প্রধানমন্ত্রী লিখেছেন, কাশ্মীরি জনগণের প্রতি সংহতি জানাতে শুক্রবার সব পাকিস্তানি নাগরিক ১২ টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত পথে নেমে আসুন। ভারতকে আমরা বার্তা পাঠাব, তাদের ফ্যাসিস্ট অত্যাচারের বিরুদ্ধে আমরা কাশ্মীরের মানুষের সঙ্গে আছি।
ভারত সংবিধানের ৩৭০ ধারা বাতিল করার পর থেকেই প্রতিবাদ জানিয়ে আসছে পাকিস্তান। জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা রদ করার বিরুদ্ধে তারা আন্তর্জাতিক মহলে প্রতিবাদও জানিয়েছে। কিন্তু চিন ছাড়া কাউকে পাশে পায়নি। কিছুদিন আগে ইমরান পাকিস্তানের পরমাণু অস্ত্রের কথা বলে ভারতকে ভয় দেখাতে চেষ্টা করেছিলেন।