দ্য ওয়াল ব্যুরো : ভারতের সঙ্গে যুদ্ধ হলে এমনিতে পেরে উঠবে না পাকিস্তান তা স্বীকার করে নিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। তাই এই দু’দেশের মধ্যে লড়াই হলে যে তা পরমাণু অস্ত্রের ব্যবহারের দিকেই যাবে, সে কথাও ঠারেঠোরে বুঝিয়ে দিয়েছেন ইমরান।
শনিবার আল জাজিরা চ্যানেলকে দেওয়া একটি সাক্ষাৎকারে ইমরান বলেন, “আমি নিশ্চিত দুটি পরমাণু শক্তিধর দেশের মধ্যে যদি যুদ্ধ হয়, তাহলে তা পরমাণু অস্ত্রের ব্যবহারের দিকেই যায়। আমি যদি পাকিস্তানের কথা বলি, ভগবান না করুন, আমরা যদি যুদ্ধে হারের পর্যায়ে পৌঁছে যাই, তখন আমাদের কাছে দুটো রাস্তা খোলা থাকবে। হয় আত্মসমর্পণ করা, নইলে নিজেদের মৃত্যু পর্যন্ত স্বাধীনতার জন্য লড়াই করা।“
তারপরেই পাক প্রধানমন্ত্রী জানান, “এরকম পরিস্থিতি হলে পাকিস্তান নিজেদের মৃত্যু পর্যন্ত স্বাধীনতার জন্য লড়াই করবে। আর যখন পমাণু শক্তিধর দেশ স্বাধীনতার জন্য লড়াই করে, তার তীব্রতা অনেক ভয়ঙ্কর হয়।“
এই লড়াই যাতে না হয়, সে জন্যই বারবার রাষ্ট্রপুঞ্জের কাছে আবেদন করছে পাকিস্তান, এমনটাই দাবি ইমরানের। তিনি বলেন, “এই লড়াই যাতে না হয়, তার জন্যই আমরা রাষ্ট্রপুঞ্জের কাছে আবেদন করছি। আমরা সব আন্তর্জাতিক কমিটির কাছে আবেদন করছি। কারণ যদি এই যুদ্ধ হয়, তার প্রভাব কিন্তু শুধুমাত্র দু’দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। তা গোটা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়বে।“
জম্মু-কাশ্মীরের উপর থেকে স্পেশ্যাল স্ট্যাটাস তুলে নেওয়ার পর থেকে বারবার প্রতিবাদ জানিয়েছে পাকিস্তান। রাষ্ট্রপুঞ্জ, আন্তর্জাতিক আদালতে একাধিক আবেদন করেছে তারা। কিন্তু বারবার ব্যর্থ হয়েছে তারা। এর আগেও বহুবার পরমাণু যুদ্ধের হুমকি দিয়েছেন ইমরান। কিন্তু কিছুদিন আগে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর মন্তব্যের পর ১৮০ ডিগ্রি ঘুরে ইমরান জানিয়েছিলেন, পাকিস্তান প্রথমে পরমাণু অস্ত্র ব্যবহার করবে না। এ দিন ফের পরমাণু যুদ্ধের ব্যাপারে ভারতকে হুমকি দিলেন পাক প্রধানমন্ত্রী।
আরও পড়ুন
https://www.four.suk.1wp.in/comparison-between-indian-army-and-pakistan-army/