দ্য ওয়াল ব্যুরো: রবিবার তৃতীয়বারের জন্য দিল্লির মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। শপথ উপলক্ষ্যে দিল্লির রামলীলা ময়দানে উপচে পড়া ভিড়ের মধ্যে দাঁড়িয়ে বিরোধীদের আক্রমণের জবাবে গান্ধীগিরি দেখালেন কেজরি। বললেন, বিরোধীদের সব আক্রমণকে আমি ক্ষমা করে দিয়েছি।
এদিন সকালেই টুইট করে দিল্লিবাসীকে তাঁর শপথ অনুষ্ঠানে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন কেজরিওয়াল। আশীর্বাদ চেয়েছিলেন রাজধানীর মানুষের। রামলীলা ময়দানে ভিড়ও ছিল দেখার মতো। এই ভিড়ের সামনে দাঁড়িয়ে আপের এই জয়কে দিল্লিবাসীদের উদ্দেশে উৎসর্গ করলেন কেজরিওয়াল। রাজধানীর মানুষকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, "আপনারা এক নতুন ধরনের রাজনীতির জন্ম দিয়েছেন। এখানে ধর্মীয় ভেদাভেদ বা অন্য কোনও বিষয়ের উপর নয়, উন্নয়নের কাজের নিরিখে ভোট হয়। আপনাদের দেখেই একদিন গোটা দেশ শিক্ষা নেবে।"
এবারের নির্বাচনের আগে সম্ভবত সবথেকে বেশি আক্রমণের মুখে পড়তে হয়েছে কেজরিওয়ালকে। রাজধানী দখলের লক্ষ্যে সব শক্তি নিয়ে ঝাঁপিয়েছিল বিজেপি। ২৭০ জন সাংসদ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসে প্রচার করেছেন। কেজরিওয়ালকে বারবার দেশদ্রোহী, জঙ্গিদের মদতদাতা বলে আক্রমণ করা হয়েছে। অন্যদিকে কেজরি বারবার বলেছেন, দিল্লির মানুষ তাঁর সঙ্গে রয়েছেন, তাঁরাই সব জবাব দেবেন। আখেরে সেটাই হয়েছে। ৭০ আসনের মধ্যে ৬২ আসন পেয়ে তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে আম আদমি পার্টি। আর তাই শপথ নিতে গিয়ে কেজরি গান্ধীগিরির নীতি নিলেন। বললেন, "বিরোধীরা আমাকে অনেক আক্রমণ করেছেন। কিন্তু আমি সবাইকে ক্ষমা করে দিয়েছি।"
শপথ মঞ্চে বিজেপি বিরোধী বাকি রাজনৈতিক দলগুলিকে না ডাকলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়েছিলেন কেজরিওয়াল। যদিও মোদী আসেননি। তাঁর আসনটি ফাঁকাই ছিল। শপথ মঞ্চে দাঁড়িয়ে কেজরি বলেন, কেন্দ্রের সঙ্গে হাত মিলিয়েই কাজ করবে তাঁর সরকার।
রবিবার কেজরিওয়ালের সঙ্গে শপথ নিলেন তাঁর মন্ত্রিসভার ছয় সদস্য। তাঁরা হলেন, মনীশ সিসোদিয়া, সত্যেন্দ্র জৈন, গোপাল রাই, কৈলাশ গেহলট, ইমরান হোসেন ও রাজেন্দ্র পাল গৌতম। এদিন শপথের অনেক আগে থেকেই অনিল কাপুরের 'নায়ক' ছবির পোস্টারের সঙ্গে তুলনা করে কেজরিওয়ালকে 'নায়ক-২' আখ্যা দিয়ে পোস্টার পড়েছিল রামলীলা ময়দান জুড়ে। আর আপের এই নায়ক শপথ নিয়েই ক্ষমা করে দিলেন বিরোধীদের।