দ্য ওয়াল ব্যুরো: শৃঙ্খলা, সংসদীয় বিধি ও দলের মতাদর্শ, এই তিনটি বিষয়ে দু’দিন ধরে বিজেপি সাংসদদের ক্লাস নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দলের সভাপতি অমিত শাহ, কার্যনির্বাহী সভাপতি জে পি নাড্ডা এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। দল তার নাম দিয়েছে ‘ওরিয়েন্টেশন প্রোগ্রাম’ বা ‘অভ্যাস বর্গ’। আর এই প্রোগ্রামে যাওয়ার আগে খোশমেজাজে দেখা গেল বিজেপির চার সাংসদ, বাবুল সুপ্রিয়, রাজ্যবর্ধন সিং রাঠৌর, মনোজ তিওয়ারি ও রবি কিষাণকে। কিশোর কুমারের গাওয়া 'ইয়ে শাম মস্তানি' গাইলেন তাঁরা।
এ দিন সভা শুরু হওয়ার আগে একটি ভিডিয়ো নিজের টুইটার অ্যাকাউন্টে শেয়ার করেন রাজ্যবর্ধন রাঠৌর। ক্যাপশনে লেখেন, "কঠোর পরিশ্রম করছি। আনন্দের সঙ্গে কাজ করছি। আমাদের দেশের সেবা আরও ভালো করে করার জন্য ডায়নামিক নেতা নরেন্দ্র মোদীজির ওয়ার্কশপে যাওয়ার জন্য মুখিয়ে আছি।"
https://twitter.com/Ra_THORe/status/1157563570562801664?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1157563570562801664&ref_url=https%3A%2F%2Fwww.ndtv.com%2Findia-news%2Fhow-4-bjp-lawmakers-rajyavardhan-rathore-babul-suprio-manoj-tiwari-and-ravi-kishan-prepped-for-party-2079814
ভিডিয়োতে দেখা যায়, পাশাপাশি বসে রয়েছেন রাজ্যবর্ধন ও বাবুল। একটা ছোট্ট ভূমিকা করে আসানসোলের বিজেপির গায়ক সাংসদ বাবুল বলছেন, "এই গান হিন্দির থেকেও আগে বাংলায় গাওয়া হয়েছিল।" এই বলে তিনি 'আকাশ কেন ডাকে' গাওয়া শুরু করেন। তা করতে করতে দুই সাংসদের সঙ্গে এসে যোগ দেন ভোজপুরী অভিনেতা ও গায়ক মনোজ তিওয়ারি। তারপরেই হিন্দিতে 'ইয়ে শাম মস্তানি' গাওয়া শুরু করেন তাঁরা। গানের মাঝেই দেখা যায় আরেক ভোজপুরী অভিনেতা ও গায়ক সাংসদ রবি কিষাণকে।
পিছন থেকে মূলত হুইসল বাজিয়ে সমর্থন করতেই দেখা যায় গোরক্ষপুরের সাংসদ রবিকে। গানের মাঝেই রাজ্যবর্ধন হঠাৎ বলেন, "এখন ঘড়িতে সকাল ১০টা। আর আমরা এই শাম মস্তানি গাইছি।" তারপর রাঠৌর ও তিওয়ারি মিলে 'জয় হিন্দ' বলে শেষ করেন ভিডিয়ো। সবাইকে শুভেচ্ছাও জানান তাঁরা।
শনিবার বেলা ১০ টার পরেই শুরু হয় ক্লাস। বন্ধ ঘরের ভিতরে ক্লাস নেওয়া হচ্ছে। দল জানিয়ে দিয়েছে, উপস্থিত থাকা বাধ্যতামূলক। কেউ গরহাজির হলে চলবে না। শনিবার ক্লাসের শুরুতে ভাষণ দেন জে পি নাড্ডা। এ দিন সন্ধ্যায় অমিত শাহ বলবেন, সংসদে একজন এমপি-র ভূমিকা কী হওয়া উচিত। মোদী ভাষণ দেবেন রবিবার। ক্লাস শুরুর আগে মিডিয়াকে কেবল ছবি তুলতে দেওয়া হয়।